দিনে কতবার মুখ ধোয়া উচিত? বিজ্ঞান কী বলছে?

সারাদিনে কতবার মুখ ধোয়া উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। কেউ হয়তো কাজের ফাঁকে সময় পেলেই মুখ ধুয়ে সতেজ হন, আবার কারও দিনের শেষে একবারও সুযোগ হয় না। তবে ত্বককে সুস্থ রাখতে সঠিক নিয়মে মুখ ধোয়া জরুরি। এক্ষেত্রে আবহাওয়া এবং ত্বকের ধরনের ওপরও অনেক কিছু নির্ভর করে।
সাধারণভাবে মনে করা হয়, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধোয়াই যথেষ্ট। তবে বিজ্ঞান এ বিষয়ে অন্য কথা বলছে। আসুন, জেনে নেওয়া যাক ত্বকের ধরন অনুযায়ী কতবার মুখ ধোয়া উচিত:
শুষ্ক ও সংবেদনশীল ত্বক: যাদের ত্বক শুষ্ক এবং খুব সহজে প্রতিক্রিয়া দেখায়, তাদের ক্ষেত্রে বারবার মুখ ধোয়া ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত মুখ ধোয়ার ফলে ত্বক আরও রুক্ষ হয়ে যেতে পারে এবং জ্বালাভাব দেখা দিতে পারে। তাই এই ধরনের ত্বকের জন্য দিনে দুবার মুখ ধোয়াই যথেষ্ট। মুখ ধোয়ার সময় হালকা গরম জল ব্যবহার করা উচিত। এছাড়া, মৃদু এবং তেল-ভিত্তিক প্রসাধনী ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বক: তৈলাক্ত ত্বকের অধিকারীরা মনে করেন বারবার মুখ ধুলে হয়তো তেল নিঃসরণ কম হবে এবং ব্রণ কম হবে। তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা। অতিরিক্ত মুখ ধোয়ার ফলে ত্বকের স্বাভাবিক সিবাম উৎপাদন আরও বেড়ে যায়। এর ফলে ব্রণ সমস্যা আরও প্রকট হতে পারে। তাই তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও দিনে দুবারের বেশি মুখ ধোয়া উচিত নয়। তবে এই ত্বকের জন্য অ্যাসিড-ভিত্তিক ক্লিনজার ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে।
সুতরাং, মুখ কতবার ধোয়া উচিত তা ব্যক্তির ত্বকের ধরন এবং পরিবেশের ওপর নির্ভরশীল। তবে সাধারণভাবে দিনে দুবার মুখ ধোয়াই যথেষ্ট। অতিরিক্ত মুখ ধোয়া ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই নিজের ত্বকের ধরন বুঝে সঠিক নিয়ম মেনে চলুন এবং ত্বককে সুস্থ রাখুন।