দাঁত ব্যথায় কষ্ট পাচ্ছে শিশু? এসব খাবার ভুলেও দেবেন না, জানুন

শিশুদের নিয়ে মা-বাবার চিন্তার শেষ নেই। কীভাবে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে তা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকতে হয়। শিশুর প্রিয় খাবারের তালিকায় আছে ক্যান্ডি, চিপস, ফাস্ট ফুড ইত্যাদি। এসব খাবার খেয়ে শরীর খারাপ হয় তাদের। পেট ব্যথা, দাঁত ব্যথা হয় সঙ্গী।
শিশুদের মধ্যে দাঁতজনিত সমস্যা বেশি দেখা যায়। দাঁত ব্যথা থেকে দূরে রাখতে শিশুকে কোন খাবারগুলো দেবেন না। চলুন জেনে নেওয়া যাক-
সাওয়ার ক্যান্ডি
যেকোনো ক্যান্ডিই মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি দাঁত ক্ষয়ের মূল কারণ। তবে সাওয়ার ক্যান্ডি শিশুর দাঁতের সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ এতে অতিরিক্ত মাত্রায় বিভিন্ন অ্যাসিড মেশানো থাকে। ক্যান্ডি চিবানোর কারণে তা দাঁতেও লেগে থাকে দীর্ঘক্ষণ। এতে দাঁতের ক্ষয় হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই শিশুর দাঁত বাঁচাতে চাইলে এমন ক্যান্ডি খাওয়ানো বন্ধ করুন।
বেশি পাউরুটি নয়
শিশুদের নাশতায় সাধারণত স্যান্ডউইচ, পাউরুটি-জ্যাম, পাউরুটি টোস্টই বেশি দেওয়া হয়। জানেন কি, দাঁতের জন্য ক্ষতিকর এই পাউরুটিও। আসলে পাউরুটি যখন চিবিয়ে খাওয়া হয়, তখন এটি স্যালাইভা স্টার্চকে ভেঙে শর্করাতে রূপান্তরিত করে। যা দাঁতের ক্ষতি করে। অন্যদিকে, চিবানোর পর পাউরুটি আঁঠালো হয়ে দাঁতের ফাঁকে লেগে থাকে। এটিও দাঁত ব্যথার কারণ হয়।
কার্বোনেটেড পানীয় একদম নয়
বাচ্চারা সোডা, কোল্ড ড্রিঙ্কস খুবই পছন্দ করে। তবে তাদের দাঁতের স্বাস্থ্যের দিক বিবেচনা করে এসব পানীয় দেবেন না। একাধিক গবেষণায় উঠে এসেছে, বেশি পরিমাণে কার্বোনেটেড ড্রিঙ্ক পান করলে দাঁতের ক্ষতি হয়।
নিয়মিত এসব পানীয় পান করলে দাঁতের এনামেলে অ্যাসিডের প্রলেপ জমা হয়। যে কারণে দাঁতের ক্ষয় হয় বেশি করে। তাই এসব পানীয় থেকে সন্তানদের দূরে রাখুন।
ভুলেও চিপস দেবেন না
শিশুদের প্রিয় খাবারের তালিকায় চিপস থাকেই। তবে এই খাবার শিশুর স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। চিপসে স্টার্চের পরিমাণ অনেকটাই বেশি। এই স্টার্চ মুখের ভেতর গিয়ে শর্করাতে পরিণত হয়। যা দাঁতের ফাঁকে লেগে থাকে। এই জমা খাবার থেকে ব্যাকটেরিয়া জন্মায়। ফলে দাঁতেরও ক্ষয় হয়। মুখরোচক চিপসই শিশুর দাঁত ব্যথার কারণ হতে পারে। তাই এই খাবার এড়িয়ে চলুন।
শিশুর খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করুন। প্রক্রিয়াজাত খাবার যত কম খাওয়াবেন ততই মঙ্গল।