তীব্র গরমে চোখের বিপদ! সুরক্ষায় মেনে চলুন জরুরি কিছু নিয়ম

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এই অসহ্য গরম শুধু ত্বক আর চুলের জন্যই ক্ষতিকর নয়, এর প্রভাব পড়ছে আমাদের চোখের উপরেও। ধুলো, দূষণ, গরম বাতাস, সূর্যের তেজ এবং ক্ষতিকর অতিবেগুনি রশ্মির সরাসরি সংস্পর্শে আসছে আমাদের চোখ। ফলে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও স্বাস্থ্যের সুরক্ষায় আমরা নানা সতর্কতা অবলম্বন করি।
তবে শুধু ত্বক নয়, চোখের সুরক্ষাও এই সময় অত্যন্ত জরুরি। অতিরিক্ত তাপ এবং ইউভি রশ্মির দীর্ঘক্ষণ ধরে সংস্পর্শে থাকা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাপপ্রবাহের সময় মানুষের চোখের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল শুষ্ক চোখ। এছাড়াও, চোখে স্টি, কনজেক্টিভাইটিস এবং অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে।
অতিবেগুনি রশ্মি যেমন ত্বকের জন্য ক্ষতিকর, তেমনই চোখের জন্যও বিপজ্জনক। এটি ছানি এবং রেটিনার ক্ষতির মতো গুরুতর চোখের রোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও, তীব্র তাপ এবং অতিবেগুনি রশ্মি চোখে অ্যালার্জির কারণ হতে পারে, যার ফলে চোখ ফুলে যাওয়া এবং জল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সংক্রামক কনজেক্টিভাইটিস, বিশেষত ভাইরাল সংক্রমণ এই সময়ে খুবই সাধারণ। ছানি, ম্যাকুলার ডিজেনারেশন (যা অন্ধত্বের একটি প্রধান কারণ) এবং এমনকি ক্যান্সারও দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকার কারণে হতে পারে।
গরমকালে চোখের সাধারণ সমস্যা:
শুষ্ক চোখ: গ্রীষ্মকালে বাতাসে আর্দ্রতা কম থাকে। তার উপর প্রচণ্ড গরমে এসি ও ফ্যানের ব্যবহার শুষ্ক চোখের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এর লক্ষণগুলো হল চোখ লাল হওয়া, চোখের চারপাশে কালশিটে ভাব বা কালো দাগ, চোখে বারবার জল আসা এবং আলোর প্রতি সংবেদনশীলতা।
স্টি: স্টি হল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। এর প্রধান উপসর্গ হল চোখের পাতা ফুলে যাওয়া, ব্যথা, ফোলাভাব এবং লালচে ভাব।
গরমকালে চোখের যত্ন নেওয়ার উপায়:
কন্টাক্ট লেন্স পরার আগে সবসময় ভালো করে হাত ধুয়ে নিন।
চোখ কচলাবেন না। চোখে অস্বস্তি হলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
ইউভি রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করবে এমন সানগ্লাস ব্যবহার করুন। বাইরে বের হলে অবশ্যই সানগ্লাস পরুন।
যারা গরমের সময় বাইরে কাজ করেন, তাদের চোখের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে এবং সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে।
ঠান্ডা জল চোখকে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করে। তাই কিছুক্ষণ পর পর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ ধুতে থাকুন।
তীব্র গরমে শরীর ও চোখকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীরে জলের অভাব হলে চোখ শুষ্ক হয়ে যেতে পারে।
এই তীব্র গরমে শুধু শরীরের নয়, আপনার মূল্যবান চোখেরও যত্ন নেওয়া জরুরি। সামান্য সতর্কতা অবলম্বন করলেই চোখের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন এবং আপনার চোখকে সুরক্ষিত রাখুন।