টক-মিষ্টি আমড়া: সুস্বাদু মোরব্বা ও আচারের রেসিপি

বাজারে এখন সহজলভ্য হয়ে উঠেছে টক-মিষ্টি স্বাদের আমড়া। এই ফলটি কেবল তরকারি বা ডালের স্বাদই বাড়ায় না, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও। লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে সরাসরি খাওয়া ছাড়াও, আমড়ার আচার বেশ জনপ্রিয়। তবে চাইলে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু আস্ত আমড়ার মোরব্বা এবং টক-মিষ্টি আচার। নিচে রইলো রেসিপি:

আস্ত আমড়ার মোরব্বা
উপকরণ:

আমড়া: ৬টি
জল: পরিমাণমতো
লবণ: স্বাদমতো
ঘি: ২ টেবিল চামচ
দারুচিনি: ২টি
এলাচ: ৩টি
চিনি: পরিমাণমতো
নারকেলের দুধ: পরিমাণমতো
প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি প্যানে জল ও লবণ দিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নিন। অন্য একটি প্যানে ঘি গরম করে এতে দারুচিনি ও এলাচ ভেজে নিন। এরপর সেদ্ধ আমড়া ও চিনি মিশিয়ে অনবরত জ্বাল দিতে থাকুন। চিনি গলে আমড়ার গায়ে যখন ঘন সিরা তৈরি হবে, তখন নারকেলের দুধ ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। এরপর সাজিয়ে পরিবেশন করুন মজাদার আমড়ার মোরব্বা।

আস্ত আমড়ার টক-মিষ্টি আচার
উপকরণ:

আমড়া: ১ কেজি
সরিষার তেল: ১ কাপ
তেজপাতা: ২টি
আস্ত পাঁচফোড়ন: দেড় চা চামচ
সরিষা বাটা: দেড় চা চামচ
আদা বাটা: দেড় চা চামচ
রসুন বাটা: ২ চা চামচ
মরিচ গুঁড়ো: স্বাদ মতো
হলুদ গুঁড়ো: আধা চা চামচ
লবণ: স্বাদ মতো
সাদা ভিনেগার: ১/৪ কাপ
চিনি: ১/৪ কাপ
গুড়: ১/৪ কাপ
ভাজা মৌরি গুঁড়ো: আধা চা চামচ
ভাজা ধনে গুঁড়ো: আধা চা চামচ
প্রস্তুত প্রণালী:

প্রথমে আমড়াগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। কাঁটা চামচ দিয়ে আমড়ার গায়ে ভালোভাবে ছিদ্র করে নিন, যাতে মসলা ভেতরে প্রবেশ করতে পারে। এবার একটি প্যানে তেল গরম করে তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে নাড়তে থাকুন। পাঁচফোড়ন ফুটে উঠলে বাটা ও গুঁড়ো মসলাগুলো দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন।

মসলা কষানো হলে আমড়া ও ভিনেগার দিয়ে নেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট সেদ্ধ করুন। আমড়া প্রায় সেদ্ধ হয়ে এলে চিনি ও গুড় মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিন। গুড় ও চিনি থেকে বের হওয়া জলেই আমড়ার বাকি অংশ সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে ভাজা মৌরি ও ধনে গুঁড়ো ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেলো মজাদার টক-মিষ্টি আমড়ার আচার। ঠান্ডা হলে কাচের বয়ামে সংরক্ষণ করুন।