জিন্সের ছোট্ট পকেটটি কি কেবলই ফ্যাশন? জানুন এর আসল রহস্য!

জিন্সের প্যান্টের সামনে দুটো পকেট তো থাকেই, তবে একটি পকেটের উপরে ছোট্ট আরেকটি পকেট দেখে অনেকেই হয়তো অবাক হয়েছেন। কখনও মনে প্রশ্ন জেগেছে, এই ক্ষুদ্র পকেটটির আসল কাজ কী? খুচরো পয়সা রাখা নাকি নিছকই ডিজাইনের অংশ? যেখানে মোবাইল, মানিব্যাগ বা জরুরি কাগজপত্র রাখার জন্য প্যান্টে যথেষ্ট পকেট থাকে, সেখানে এই ছোট্ট পকেটটির প্রয়োজনীয়তা কী?
জিন্স এবং বস্ত্র বিশেষজ্ঞ মিসেস জানোসকোয়া এই ছোট পকেটটির রহস্য উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন, আঠারো শতকে কাউবয়রা চেইন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। সেই সময় ঘড়ি রাখার জন্য তাদের ওয়েস্টকোটের পকেট ব্যবহার করা হত। কিন্তু প্রায়শই ঘড়ি ভেঙে যাওয়া বা হারানোর ঝুঁকি থাকত।
মিসেস জানোসকোয়া আরও জানান, সেই মূল্যবান ঘড়িটিকে সুরক্ষিত রাখতেই জিন্সের প্যান্টে এই ছোট পকেটটির প্রচলন শুরু হয়। কাউবয়রা ঘড়িটিকে ঐ ছোট পকেটে রাখতেন এবং বেল্টের সঙ্গে চেইন দিয়ে বাঁধতেন, ফলে ঘড়ি হারানোর বা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকত। বিখ্যাত জিন্স প্রস্তুতকারক লেভিস স্ট্রাউস প্রথম এই বিশেষ পকেটটি তাদের জিন্সে যুক্ত করে।
বর্তমানে সেই চেন দেওয়া ঘড়ির ব্যবহার তেমন না থাকলেও, ঐতিহ্য বজায় রাখতে আজও জিন্সের প্যান্টে এই ছোট পকেটটি রাখা হয়। এখনকার দিনে সস্তা হাতঘড়ির জনপ্রিয়তা বাড়ায় এই ছোট পকেটটির ব্যবহার আর আগের মতো নেই। তবে কালের সাক্ষী হিসেবে আজও জিন্সের প্যান্টে টিকে আছে সেই ছোট্ট পকেটটি। তাই জিন্সের প্যান্টের এই ক্ষুদ্র পকেটটি কেবল ফ্যাশনের জন্য নয়, এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে।