ফের টার্গেট কুণাল ঘোষ! বেলেঘাটায় গাড়ি ভাঙচুর, রিভলভার তাক করে হামলার অভিযোগ, নেপথ্যে কি বড় ষড়যন্ত্র?

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্য! তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের ওপর আবারও হামলার অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল খোদ তাঁর নিজ বিধানসভা এলাকা বেলেঘাটা। চা চক্রের অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, হাতে লাঠি, হাতুড়ি তো বটেই, এমনকি তাঁর দিকে আগ্নেয়াস্ত্র বা রিভলভার তাক করা হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেছেন খোদ কুণাল ঘোষ। পরপর এমন হামলায় চরম আতঙ্কে ও ক্ষোভে ফেটে পড়েছেন তিনি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে কুণাল ঘোষ জানান, তিনি বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তাঁকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল। তাঁর দাবি, কমপক্ষে ১০ থেকে ২০টি বাইক তাঁর গাড়ির পিছন পিছন ধাওয়া করছিল। এরপর গাড়িটি ফুলবাগানে পৌঁছতেই পথ আটকে অতর্কিত হামলা চালানো হয়। হাতুড়ি দিয়ে তাঁর গাড়ির সামনের ও পিছনের কাচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রাণনাশের চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “আমাকে যে কোনো দিন মেরে ফেলা হতে পারে। আমার ডেডবডির ছবি তোলার জন্য অপেক্ষা করছে। বাঁচতে আমি থানায় ঢুকেছি। পুলিশি নিরাপত্তারক্ষীকে পর্যন্ত বাধ্য হয়ে আগ্নেয়াস্ত্র বের করতে হয়েছিল।” ঘটনার পর নিরাপত্তা ও ক্ষোভের জেরে তিনি সোজা নারকেলডাঙা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, গত শনিবারই শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ার সখেরবাজারের কাছে বিপুল বিক্ষোভ ও হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। সেখানে তাঁর গাড়িতে লোহার রড দিয়ে ভাঙচুর চালানো হয় এবং ডিম ছোঁড়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজ কেন্দ্র বেলেঘাটায় ফের এমন আক্রমণ হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক যোগ ও ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলছেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।