ঘুমের ঘোরে আচমকা চমকে উঠছেন? অবহেলা করবেন না, কারণ জানালেন চিকিৎসকরা

ঘুমের মধ্যে হঠাৎ চমকে ওঠা বা ঝাঁকুনি দিয়ে জেগে ওঠার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। চিকিৎসকরা মনে করেন, প্রায় ৭০ শতাংশ মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময় এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। এবং তাদের মধ্যে প্রায় ১০ শতাংশ মানুষ প্রতিদিন ঘুমের মধ্যে এই সমস্যায় ভোগেন।
ঘুমের মধ্যে এই আকস্মিক চমকে ওঠা বা ঝাঁকুনি দিয়ে ওঠাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হিপনিক জার্ক (Hypnic Jerk)। এর আরও দুটি নাম রয়েছে – মায়োক্লোনিক জার্ক (Myoclonic Jerk) বা স্লিপ সুইচ (Sleep Switch)।
হিপনিক জার্ক মূলত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘটে থাকে। যখন একজন ব্যক্তি সবে ঘুমাতে শুরু করেন, অর্থাৎ ঘুমের ঘোর তৈরি হয়, সেই সময় স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু মস্তিষ্কে থাকা সেরিব্রাম কর্টেক্স (Cerebrum Cortex) সেই বিষয়টি সঙ্গে সঙ্গে বুঝতে পারে না। মস্তিষ্কের সঙ্গে নিউরোট্রান্সমিটারের (Neurotransmitter) অস্থিতিশীল অবস্থার কারণে হিপনিক জার্ক হয়ে থাকে।
এছাড়াও, অতিরিক্ত পরিমাণে ক্যাফিন বা নিকোটিন সমৃদ্ধ চা, কফি পান করলে, অত্যাধিক দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে অথবা ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো প্রয়োজনীয় কিছু উপাদানের শরীরে ঘাটতি থাকলেও এমন হতে পারে। অনেক সময় শরীর অতিরিক্ত ক্লান্ত থাকলেও হিপনিক জার্ক দেখা দিতে পারে।
এই সমস্যার সমাধানে শরীরে পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির প্রয়োজন। নিয়মিত ঘুমের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করা জরুরি। যদি এই সমস্যা প্রায় প্রতিদিনই হতে থাকে, তবে অবশ্যই একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।