বিগ বসের ঘরে পা রেখেই উষ্ণতা ছড়ালেন অনুষ্কা! জীতুর অতিরিক্ত সাহায্যে কিসের ইঙ্গিত?

বিগ বস’-এর ঘরে পা রাখলেন নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষ। আর তাঁর এন্ট্রি নিতেই রিয়্যালিটি শো-এর অন্দরমহলের পারদ চড়তে শুরু করেছে। শো-এর ভেতরে প্রবেশ করতেই তিনি দীপেন্দু এবং রাজবীরকে উষ্ণ অভ্যর্থনায় জড়িয়ে ধরেন। তবে অনুষ্ণাকে হঠাৎ ঘরের মধ্যে দেখে সোনামণি এবং তনুশ্রীদের চোখ কার্যত চড়কগাছ হয়ে যায়। তনুশ্রী তো অবাক হয়ে বলেই ফেলেন, “কে রে?” পরবর্তীতে অনুষ্কার পরিচয় জানার পর প্রতিযোগীরা একে একে তাঁর সঙ্গে আলাপ করতে এগিয়ে আসেন।
রবিবারের বিশেষ পর্বে ক্যামেরার সামনে ধরা পড়ে এক অন্য রকম দৃশ্য। অনুষ্কা যখন মঞ্চে হাঁটছিলেন, তখন তাঁর লম্বা গাউনের নিচের অংশ মাটিতে লুটিয়ে পড়ছিল। সেই মুহূর্তে অভিনেতা জীতু কামাল এগিয়ে এসে তাঁর গাউনের অংশটি তুলে ধরে সাহায্য করেন। জীতুর এমন আকস্মিক সৌজন্যমূলক আচরণ দেখে বাড়ির অন্দরে ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে। প্রতিযোগীদের মনে প্রশ্ন উঠেছে, অনুষ্কার আগমনে হঠাৎ কেন এমন অন্য রূপ ধারণ করলেন জীতু?
পরিস্থিতি আরও জমে ওঠে যখন অনুষ্কা জীতুকে ‘জীতুদা’ বলে সম্বোধন করেন। এই ডাক শুনে নন্দিনী একটি ইঙ্গিতপূর্ণ হাসি হেসে অনুষ্কাকে প্রশ্ন করেন, ‘দাদা?’ অনুষ্কাও বিন্দুমাত্র সময় নষ্ট না করে পাল্টা জবাব দেন, “তোমার মতো তো এখানে সবাই প্রেম করতে আসে না।” তবে দমে যাওয়ার পাত্রী নন নন্দিনীও। তিনি সাফ জানিয়ে দেন যে তিনি এখানে প্রেম করতে আসেননি, বরং শো-এর ভেতরে এসে প্রেমে পড়েছেন। উল্লেখ্য, এর আগে বিগ বসের ঘরে রাজবীরকে প্রপোজ করার ঘটনাও বেশ শোরগোল ফেলেছিল।
ঘরে ঢোকার পর থেকেই অনুষ্কা যেন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি একে একে সমস্ত প্রতিযোগীর খেলার ধরন নিয়ে কাটাছেঁড়া শুরু করেন। প্রথমে তিনি জীতুর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। এরপর দুর্নিবারকে মিষ্টি স্বভাবের মানুষ বলে উল্লেখ করেন। দীপেন্দুর উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন যে, বাড়ির ভেতর যা ঘটছে সে বিষয়ে তাঁকে নিজের মতামত আরও একটু বেশি জোরালোভাবে প্রকাশ করতে হবে। তনুশ্রীকে উৎসাহ দিয়ে বলেন যে তিনি দারুণ খেলছেন।
সবশেষে অনুষ্কার নজর পড়ে রাজবীরের ওপর। রাজবীরের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন যা পুরো ঘরের সমীকরণ বদলে দিতে পারে। অনুষ্কা রাজবীরকে বলেন, “রাজবীর ভাল খেলছো। তুমি কারওর পাল্লায় পড়ে নিজের গেমটা খারাপ করো না প্লিজ।” অনুষ্কার এই কথা শুনে সম্মতিসূচক মাথাও নাড়েন রাজবীর। কিন্তু অনুষ্কার এই মন্তব্য ঠিক কার দিকে ইঙ্গিত করা ছিল? যেহেতু রাজবীরের সঙ্গে বর্তমানে নন্দিনীর একটি বিশেষ কেমিস্ট্রি গড়ে উঠছে, তবে কি সেই সম্পর্কের দিকেই ইঙ্গিত করলেন এই নতুন প্রতিযোগী? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।