গরমে সুস্থ থাকতে প্রতিদিন খান কাঁচা পেঁয়াজ! জানুন এর অসাধারণ উপকারিতা

দৈনন্দিন রান্নার স্বাদ বাড়াতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, সালাদ কিংবা ভর্তাতে কাঁচা পেঁয়াজ মেশালে তার স্বাদ আরও কয়েকগুণ বেড়ে যায়। কমবেশি সকলেই প্রতিদিন খাবারের সঙ্গে রান্না করা বা কাঁচা পেঁয়াজ খেয়ে থাকেন। তবে জানেন কি, পেঁয়াজ খাওয়ার মাধ্যমে আপনি আপনার শরীরের কতখানি উপকার করছেন?

বিশেষ করে গরমকালে কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের জন্য বিশেষভাবে উপকারী। এপ্রিলের শুরু থেকেই গরমের তীব্রতা বাড়ছে। এই সময় হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। তবে জানেন কি, কাঁচা পেঁয়াজ হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে?

গরমের তাপে বা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এই সমস্যা প্রতিরোধেও দারুণ কাজ করে কাঁচা পেঁয়াজ।

গরমের খাদ্যতালিকায় পেঁয়াজ রাখলে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে দূরে থাকা যায়। পুষ্টিতে ভরপুর পেঁয়াজ ত্বকের জন্যও খুব ভালো। পাশাপাশি, এটি হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।

পেঁয়াজে থাকে সিস্টিন নামক অ্যান্টি-হিস্টামিন, যা গরমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে।

গরমের মরশুমি জ্বর-ঠান্ডা থেকে মুক্তি পেতে অবশ্যই পাতে রাখুন কাঁচা পেঁয়াজ। এমনকি নাক দিয়ে অতিরিক্ত জল পড়লে বা মাথাব্যথায় ভুগলে এক টুকরো কাঁচা পেঁয়াজ কাপড়ে মুড়িয়ে নাকের কাছে ধরলে দ্রুত উপকার পাওয়া যায়।

যাদের হাঁপানির সমস্যা রয়েছে এবং ধুলা-বালি, ময়লা বা গরমের কারণে যাদের কষ্ট বাড়ে, তাদের ক্ষেত্রেও অ্যাজমার ঝুঁকি কমাতে প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি প্রদাহ কমাতে সাহায্য করে। একইসঙ্গে এতে থাকা ভিটামিন সি ও সালফার যে কোনও ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন কমাতে পারে।

ফ্ল্যাভোনয়েডের ফর্মে থাকা থিওসালফিনেট এবং অ্যান্থোসায়ানিন অ্যাস্থমার মতো অ্যালার্জি সারাতে সাহায্য করে। একটি সমীক্ষা অনুসারে, পেঁয়াজে পাঁচটিরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা কোষ তৈরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

পেঁয়াজে ফোলেট বি ৯ ও পাইরিডক্সিন বি ৬ এর পাশাপাশি ট্রেস খনিজও ভরপুর মাত্রায় থাকে। এগুলো বিপাকক্রিয়া, লাল রক্ত কোষের উৎপাদন ও স্নায়ু কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গরমকালে রোদের তীব্রতায় অনেকের ত্বকেই সানবার্ন দেখা দেয়। সেক্ষেত্রে পেঁয়াজের রস ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করতে পারে।

চিকিৎসকদের মতে, গরমে প্রতিদিন অন্তত ১০০-১৫০ গ্রাম পেঁয়াজ খাওয়া উচিত। পেঁয়াজের রস, সালাদের সঙ্গে পেঁয়াজ কুচি অথবা রান্না করা পেঁয়াজের মাধ্যমে আপনি এটি গ্রহণ করতে পারেন এবং গরমের অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।