শিশুর ডায়াপার ব্যবহারের আগে সাবধান! জেনে নিন দীর্ঘক্ষণ ব্যবহারে কী ক্ষতি হতে পারে

বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় অথবা রাতে নিশ্চিন্ত ঘুমের জন্য অনেক মা-বাবাই সন্তানকে ডায়াপার পরিয়ে থাকেন। তিন বছর বয়স পর্যন্তও অনেক অভিভাবক নিয়মিত ডায়াপার ব্যবহার করেন, মনে করেন এতে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। বিশেষ করে বাইরে বেরোলে বা রাতে বারবার কাঁথা পাল্টানোর ঝামেলা এড়াতে ডায়াপার ব্যবহারের প্রবণতা দেখা যায়।

তবে ডায়াপারের সুবিধা থাকলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। দীর্ঘ সময় ডায়াপার ব্যবহারের ফলে শিশুর ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বেশি ডায়াপার ব্যবহারের ফলে কী কী ক্ষতি হতে পারে:

অ্যালার্জি: শিশুদের ত্বক অত্যন্ত নরম ও সংবেদনশীল হয়। ডায়াপার তৈরিতে ব্যবহৃত সিন্থেটিক ফাইবার, রং এবং বিভিন্ন রাসায়নিক উপাদান শিশুর ত্বকের ক্ষতি করতে পারে এবং অ্যালার্জির কারণ হতে পারে। তাই এমন ডায়াপার ব্যবহার করা উচিত যা নরম এবং স্কিন-ফ্রেন্ডলি উপকরণ দিয়ে তৈরি।

র‍্যাশ: ডায়াপার র‍্যাশ শিশুদের একটি সাধারণ সমস্যা। ভেজা ও নোংরা ডায়াপার দীর্ঘক্ষণ পরে থাকলে তাতে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে এবং ত্বকে র‍্যাশ ও লালচে ভাব দেখা দিতে পারে। শিশুকে ডায়াপার পরালে অবশ্যই নিয়মিত তা পরিবর্তন করতে হবে, যাতে মলমূত্র ত্যাগের পর তা দীর্ঘক্ষণ শিশুর গায়ে লেগে না থাকে।

সংক্রমণ: ডায়াপার এমন উপাদান দিয়ে তৈরি যা সহজেই প্রস্রাব শোষণ করতে পারে। তবে এই উপাদান ডায়াপারের ভেতরে বাতাস প্রবেশে বাধা দিতে পারে, ফলে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়। ডায়াপার বেশি ব্যবহার করলে শিশুর ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ঘন ঘন শিশুর ডায়াপার পরিবর্তন করা জরুরি। এমনকি ঘরের ভেতরেও দীর্ঘ সময় ডায়াপার পরানো উচিত নয়।

কমোডে বসতে অস্বস্তি: বেশিরভাগ সময় বাচ্চাকে ডায়াপার পরিয়ে রাখলে তাদের টয়লেট ট্রেনিং দিতে সমস্যা হতে পারে। শিশুরা ডায়াপারেই প্রস্রাব ও মলত্যাগ করতে অভ্যস্ত হয়ে যায়, ফলে কমোডে বসার প্রশিক্ষণ দিতে অসুবিধা দেখা দেয়। তাই ডায়াপারের ব্যবহার যত কম করা যায় ততই ভালো।

সতর্কতা: নিম্নমানের ডায়াপার শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ডায়াপার কেনার সময় তার শোষণক্ষমতা, আরামদায়ক এবং লিকপ্রুফ কিনা তা দেখে নেওয়া উচিত। ডায়াপার বেশি আঁটসাঁট করে পরালে শিশুরা অস্বস্তি বোধ করতে পারে।

ডায়াপার বদলানোর সময় শিশুকে খুব যত্ন করে পরিষ্কার করতে হবে। এর জন্য ভেজা কাপড়, তুলার তৈরি বল অথবা অ্যালকোহল ও অতিরিক্ত সুগন্ধিবিহীন বেবি ওয়াইপস ব্যবহার করা যেতে পারে। শক্ত ডায়াপার পরালে অনেক সময় শিশুর পায়ের ও কোমরের চারপাশে দাগ হয়ে যেতে পারে, তাই ঢিলেঢালা ডায়াপার ব্যবহার করা উচিত। জীবাণু যাতে ছড়াতে না পারে, সেজন্য শিশুর ডায়াপার বদলানোর পর অবশ্যই ভালোভাবে হাত ধুতে হবে।