গরমে প্রাণ জুড়ানো তরমুজ, বেশি খেলেই বিপদ! জেনে নিন পরিমিত খাওয়ার নিয়ম

গ্রীষ্মের তীব্র দাবদাহে সবাই যেন ঝিমিয়ে পড়েছে। এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে শরীর ঠান্ডা করা খাবারের দিকেই ঝুঁকছে মানুষ। আর এই সময়ে গ্রীষ্মের অন্যতম সুস্বাদু ফল হিসেবে তরমুজের জুড়ি মেলা ভার। এর অসাধারণ স্বাদ আর ঠান্ডা করার গুণের জন্য অনেকেই তরমুজ বেশি খেয়ে ফেলেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, অতিরিক্ত তরমুজ খেলে কী হতে পারে? মনে রাখবেন, কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয়, তা যতই পুষ্টিকর হোক না কেন, আর তরমুজও এর ব্যতিক্রম নয়।

তরমুজের পুষ্টিগুণ:
তরমুজ বেশি খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে এর পুষ্টিগুণ মোটেই ফেলনা নয়। পরিমিত পরিমাণে খেলে এর থেকে অনেক উপকার পাওয়া যায়। তরমুজের ৯২ শতাংশই জল। এটি ভিটামিন বি সিক্স, সি, এ এবং পটাশিয়ামের এক দারুণ উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ওজন কমাতে তরমুজ খুবই কার্যকরী। তবে অতিরিক্ত তরমুজ খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক, তরমুজ বেশি খেলে কী হয়:

অতিরিক্ত তরমুজ খাওয়ার ঝুঁকি:
পেট ফাঁপা ও হজমের সমস্যা: ধরুন, দুপুরে পেট ভরে ভাত খাওয়ার পর এক থালা তরমুজ খেলেন। বিকেল গড়াতেই আপনার পেট ফাঁপার সমস্যা দেখা দিলো। এমনটা হওয়ার কারণ হতে পারে অতিরিক্ত তরমুজ। কারণ তরমুজে ফাইবার থাকে, যা বেশি খেলে ডায়রিয়াসহ পেটের নানা সমস্যা তৈরি করতে পারে। সেই সঙ্গে তরমুজে থাকা আরও কিছু উপাদান বদহজম ও গ্যাসের কারণ হতে পারে।

ডায়াবেটিসের ঝুঁকি: যারা ডায়াবেটিসের রোগী, তাদের তরমুজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এই ফলে শর্করার মাত্রা যথেষ্ট বেশি থাকে। অতিরিক্ত তরমুজ খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে সমস্যা আরও বাড়তে পারে। এছাড়াও, তরমুজে থাকা এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বেশি পরিমাণে গেলে পেটের সমস্যাও দেখা দিতে পারে, তাই এই বিষয়ে খেয়াল রাখা জরুরি।

ওভার হাইড্রেশন: তরমুজে জলের পরিমাণ বেশি হওয়ায় এটি বেশি খেলে শরীরে জলের পরিমাণও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শরীরে অতিরিক্ত জল জমা হলে তা ‘ওভার হাইড্রেশন’ এর সমস্যা তৈরি করে, যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের তরমুজ খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ পরিমাণে বেশি খেয়ে ফেললে তা ওভার হাইড্রেশনের কারণ হতে পারে।