গরমে নাজেহাল? মাথা ব্যথার সহজ ঘরোয়া সমাধান!

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। বাইরে বেরোলেও যেমন কষ্ট, তেমনই ঘরে থেকেও রেহাই নেই। এমন পরিস্থিতিতে মাথা ধরাটা খুবই স্বাভাবিক। কিন্তু কাজের চাপে অনেক সময়ই দিনের মাঝখানে বিশ্রাম নেওয়ার সুযোগ মেলে না। এই পরিস্থিতিতে মাথা ব্যথার কষ্ট থেকে মুক্তি দিতে পারে কিছু ঘরোয়া সমাধান। ওষুধ খাওয়ার আগে এই প্রাকৃতিক পদ্ধতিগুলি একবার চেষ্টা করে দেখতে পারেন, কারণ এতে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরামদায়ক ম্যাসাজ খুব কাজে দেয়
যদি কেউ আপনার রগের দু’পাশ বা ঘাড়ের কাছটা কিছুক্ষণ ম্যাসাজ করে দিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। তা সম্ভব না হলে নিজেই ম্যাসাজ করুন। অনেক সময় স্ট্রেস বা ক্লান্তির কারণেও মাথা ধরে। সে ক্ষেত্রে এই ম্যাসাজ খুব কাজে দেবে। বুড়ো আঙুল আর তর্জনীর ব্যবহার করে ব্যথার স্থানগুলোতে বৃত্তাকারভাবে ম্যাসাজ চালিয়ে যান, যতক্ষণ না ব্যথা কমছে। বলা হয় যে মাথা ব্যথার উৎপত্তি হয় আমাদের মস্তিষ্কে। এই ধরনের প্রেশার ম্যাসাজ ব্যথার উৎপত্তিস্থলে গিয়ে কাজ করে।
ঘরের বাতি নিভিয়ে বা কমিয়ে দিন
মাথা ব্যথায় ভুগলে অন্তত কিছুক্ষণের জন্য কম আলোতে থাকুন। কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোনের আলোর বিচ্ছুরণ থেকে দূরে সরে যান। এই সময় একান্ত বাইরে বেরোতে হলে খুব ভালো মানের অ্যান্টি-গ্লেয়ার রোদচশমা ব্যবহার করুন।
গরম/ঠান্ডা সেঁক ট্রাই করে দেখতে পারেন
গরম জলে পা ডুবিয়ে রাখলে যে মাথাব্যথা কমে, এ তথ্য অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু এর পেছনের যুক্তি হলো, পায়ে বাড়তি উত্তাপের সঞ্চার হলে সেখানে রক্ত ছুটে যায়। ফলে আপনার মস্তিষ্কের রক্তনালীর উপর প্রেশার কমে যায়, এবং মাথাব্যথাও কমে। কপালে আর ঘাড়ে গরম সেঁক দিলে অনেকে আরাম বোধ করেন। আবার কারও কারও ক্ষেত্রে ঠান্ডা সেঁক কাজে দেয়। হাত বরফ জলে ডুবিয়ে রাখলেও একই ফল পাবেন। ঠান্ডায় রক্তনালীগুলো সংকুচিত হয়ে আপনাকে আরাম দেবে।
কাজে দেয় এসেনশিয়াল অয়েল
কপালে আর রগে এসেনশিয়াল অয়েল, বিশেষ করে ল্যাভেন্ডার বা পিপারমিন্ট অয়েলের মতো সুগন্ধি দিয়ে ম্যাসাজ করে দেখতে পারেন। পিপারমিন্ট অয়েল মাথাব্যথা কমাতে বেশ কার্যকর। অফিসে থাকলে রুমালে এসেনশিয়াল অয়েল নিয়ে ইনহেল করেও দেখতে পারেন।
চা/কফি/আদা খেয়ে দেখুন
চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথাব্যথা কমাতে দারুণ কাজে দেয়। তবে যাঁরা খুব ঘন ঘন কড়া চা-কফি খেতে অভ্যস্ত, তাঁরা এতে তেমন সুবিধা পাবেন না। আদা আর লবঙ্গ দিয়ে কড়া করে কালো চা তৈরি করে খেলেও অনেকে আরাম পান।
এই সহজ টিপসগুলো মেনে চললে গরমে বা অন্য কোনো কারণে হওয়া মাথা ব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। তবে, যদি মাথাব্যথা দীর্ঘস্থায়ী হয় বা বারবার ফিরে আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।