ক্যালসিয়ামের অভাবে শরীরে যা যা হতে পারে

ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এটি শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। খনিজ ও ভিটামিন সঠিক পরিমাণে গ্রহণ করা তাই সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য।

শরীরে ক্যালসিয়ামের অভাব হলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী ঘাটতি দাঁতের পরিবর্তন, মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস এবং অস্টিওপোরোসিসের মতো গুরুতর রোগের কারণ হতে পারে।

চিকিৎসকরা বলছেন, ক্যালসিয়ামের অভাবজনিত একটি সাধারণ রোগ হলো হাইপোক্যালসেমিয়া, যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে ক্যালসিয়ামের ঘাটতি শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে। তবে এই সমস্যাগুলোর চিকিৎসা না করালে বা ঘাটতি দীর্ঘস্থায়ী হলে তা জীবন হানিকরও হতে পারে।

তাই শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে দ্রুত এর প্রতিকার নেওয়া উচিত। আসুন জেনে নেওয়া যাক ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে:

১. পেশির সমস্যা: ক্যালসিয়ামের অভাবে পেশিতে ব্যথা, খিঁচুনি এবং নড়াচড়া করার সময় উরু ও বাহুতে ব্যথা অনুভূত হতে পারে। হাত, পা এবং মুখের চারপাশেও অসারতা ও ঝাঁকুনি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এই সমস্যাগুলির চিকিৎসা না করালে খিঁচুনি, অনিয়মিত হৃদস্পন্দন (অ্যারিথমিয়াস) এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

২. চরম ক্লান্তি: শরীরে ক্যালসিয়ামের অভাব চরম ক্লান্তি সৃষ্টি করতে পারে। এর ফলে শরীরে শক্তির অভাব, অলসতা এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, ক্যালসিয়ামের ঘাটতির কারণে মাথা ঘোরা এবং মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ার মতো সমস্যাও হতে পারে।

৩. নখ, ত্বক ও চুলের সমস্যা: দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাব ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে। নখ ভঙ্গুর হয়ে যায়, চুল পাতলা হয়ে পড়ে এবং অ্যালোপেসিয়া (চুল পড়ে যাওয়া), একজিমা (চুলকানিযুক্ত ত্বকের প্রদাহ) এর মতো সমস্যা দেখা দিতে পারে।

৪. অস্টিওপেনিয়া ও অস্টিওপরোসিস: হাড় ক্যালসিয়াম সঞ্চয় করে এবং শক্তিশালী থাকার জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে, শরীর হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ করে, ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। নিয়মিত এমন হতে থাকলে অস্টিওপেনিয়া এবং পরবর্তীতে অস্টিওপরোসিস হতে পারে। এই রোগের কারণে হাড় পাতলা হয়ে যায় এবং সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়াও, শরীরের ব্যথা এবং ভঙ্গিতে পরিবর্তন আসতে পারে।

৫. দাঁতের সমস্যা: ক্যালসিয়ামের অভাব দাঁতের ক্ষয়, দাঁত ভঙ্গুর হয়ে যাওয়া এবং মাড়ির সমস্যার কারণ হতে পারে। এটি দাঁতের শিকড় দুর্বল করে দেয়। শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি দাঁতের সঠিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।

৬. বিষণ্নতা: শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণে হতাশাসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এর ফলে অনেকের মধ্যে বিষণ্নতার লক্ষণ দেখা যেতে পারে।

পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করে এবং ক্যালসিয়ামের অভাবের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়ানো সম্ভব। সুষম খাবার গ্রহণ এবং প্রয়োজনে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করা জরুরি।