ওজন কমাতে চান? ভাতের বদলে চিঁড়া হোক আপনার নতুন সঙ্গী!

ওজন কমানোর জন্য কতজনই না কত কিছু করেন! কেউ খাবার বাদ দেন, তো কেউ আবার শারীরিক কসরত বাড়িয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে খাবার ৭০ শতাংশ এবং শরীরচর্চা ৩০ শতাংশ কাজ করে। এ কারণে ওজন কমাতে হলে পুষ্টিকর খাবার খাওয়ার বিকল্প নেই।
বলিউড তারকাদের থেকে শুরু করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষই ওজন কমাতে ভাতের বদলে বেছে নিচ্ছেন চিঁড়াকে। কারিনা কাপুর, শিল্পা শেঠি, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন-এর মতো তারকারাও এই তালিকায় রয়েছেন।
চিঁড়া: স্বাস্থ্যকর সকালের নাস্তার সেরা পছন্দ
বিশেষজ্ঞদের মতে, সকালের খাবারে চিঁড়া খেলে শরীরে অনেক উপকার মেলে। এটি সহজেই হজম হয়, ফলে শরীরের বিপাকীয় হার বাড়ে। এছাড়াও, কম ক্যালোরির পাশাপাশি এই খাবারে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন ও আয়রন থাকে। চিঁড়া চর্বিমুক্ত, গ্লুটেনমুক্ত এবং শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে।
পুষ্টিবিদরা চিঁড়াকে সবচেয়ে স্বাস্থ্যকর খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। ১০০ গ্রাম চিঁড়ায় ১১০ কিলোক্যালরি থাকে। এতে আরও আছে ২.৮৭ গ্রাম ফ্যাট, ০.৩৪৪ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, ২১ গ্রাম সোডিয়াম, ১১৭ গ্রাম পটাশিয়াম, ০.৯ গ্রাম ফাইবার, ০.৫ গ্রাম শর্করা ও ২.৩ গ্রাম প্রোটিন। এতে মোট কার্বোহাইড্রেট থাকে ১৮.৮ গ্রাম। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য চিঁড়া হতে পারে অন্যতম সেরা খাবার।
চিঁড়া কিভাবে ওজন কমায়?
চিঁড়া সুস্বাদু ও কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার। এটি অন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখে ও অ্যাসিডিটি এড়াতে সাহায্য করে। এতে থাকা স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট শরীরে কোনো চর্বি সঞ্চয় করে না।
চিঁড়া খেলে আরও যেসব উপকার মেলে:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্যও চিঁড়া হতে পারে সেরা বিকল্প। এতে থাকা ফাইবার ধীরে ধীরে রক্তে চিনি ছেড়ে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না।
রক্তাল্পতা প্রতিরোধ: চিঁড়ায় পর্যাপ্ত আয়রন থাকে, যা রক্তাল্পতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি দুর্দান্ত খাবার। এটি শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।
সহজ হজম: সহজে হজম হয় বলে চিঁড়া সকালের খাবার হিসেবে রাখতে পারেন। এটি পেটের ফোলাভাব প্রতিরোধ করে ও দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে।
মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে: চিঁড়া মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করে। এটি মস্তিষ্কের কোষ গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি সমৃদ্ধ। এতে থাকা সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করে ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে।
তাই, সুস্থ থাকতে এবং ওজন কমাতে, আজই আপনার খাদ্যতালিকায় চিঁড়াকে যোগ করে দেখতে পারেন।