অর্শ: যখন প্রাতঃকর্ম বিভীষিকা হয়ে দাঁড়ায়

দিনের শুরুটা সাধারণত খুশি মনে হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে প্রায় এক কোটিরও বেশি মানুষের কাছে প্রাতঃকর্ম এক ভয়াবহ অভিজ্ঞতার নাম। এঁরা প্রত্যেকেই অর্শের সমস্যায় জর্জরিত। সঠিক চিকিৎসার সুযোগের অভাবে অনেকেই হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হন, যার ফলস্বরূপ সমস্যা আরও জটিল হয়ে ওঠে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মূলত কোষ্ঠকাঠিন্যের জন্ম দেয়, এবং এর হাত ধরেই বহু মানুষ অর্শের শিকার হন।
অনেক সময় দেখা যায়, পরিবারের বড়রা ছোট বাচ্চাদের জোর করে নির্দিষ্ট সময়ে প্রাতঃকর্মের অভ্যাস করান। তবে এটি একেবারেই সঠিক নয়। শরীর তার নিজস্ব নিয়মেই কাজ করবে। দীর্ঘক্ষণ শৌচাগারে বসে মলত্যাগের জন্য জোর প্রয়োগ করলে এই রোগের আশঙ্কা বহুলাংশে বৃদ্ধি পায়। তাই এই অভ্যাস দ্রুত বন্ধ করা উচিত।
∆ যা যা করা উচিত নয়:
১) ভুল খাদ্যাভ্যাস এই সমস্যার প্রধান কারণ। এমন অনেকেই আছেন যাঁরা প্রায় শাকসবজি স্পর্শ করেন না। আবার অনেকের জল পানের প্রতিও অনীহা দেখা যায় – এই অভ্যাসগুলো একেবারেই ত্যাগ করা উচিত।
২) শৌচাগারে দীর্ঘক্ষণ বসে থাকা বা অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। এর ফলে আপনার সমস্যা আরও বাড়তে পারে।
৩) এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ভারী জিনিস তোলা এড়িয়ে চলা উচিত।
∆ যা যা করা উচিত:
১) প্রতিদিন অন্তত ৩ থেকে ৩.৫ লিটার জল পান করা আবশ্যক।
২) প্রতিদিনের খাদ্য তালিকায় পাঁচ রকমের শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও, সব ধরনের সবুজ শাকও খাওয়া জরুরি। কোষ্ঠকাঠিন্য কমাতে ঢেঁড়সের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই যাঁরা এই সমস্যায় ভুগছেন, তাঁদের নিয়মিত ঢেঁড়স খাওয়া উচিত।
৩) পালংশাক, নটে শাক, লাউ, পটল, কুমড়ো এবং অন্যান্য মরশুমি সবজি খাদ্য তালিকায় যোগ করুন। ফাইবার সমৃদ্ধ ফল যেমন কলা, পেয়ারা, লেবু, আম, জাম ইত্যাদি শরীরের জন্য অত্যন্ত উপকারী।
৪) অতিরিক্ত মশলাযুক্ত খাবার ত্যাগ করুন এবং ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন।
৫) প্রতিদিন নিয়ম করে ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।
৬) ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহার করুন। এই অভ্যাসগুলি সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।
৭) কেক, বিস্কুটের মতো খাবার কম খান। এর পরিবর্তে খই বা ওটস খাওয়া যেতে পারে।
৮) কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিলে দ্রুত তার সমাধানের চেষ্টা করুন। শুরুতেই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।