অতিরিক্ত চুল পড়া কি আপনার নিত্যসঙ্গী? স্নানের এই ভুলগুলিই হতে পারে কারণ!

অতিরিক্ত চুল পড়া কি আপনার নিত্যসঙ্গী? স্নানের এই ভুলগুলিই হতে পারে কারণ!
কলকাতা, ১২ই মে, ২০২৫: চুল পড়া একটি সাধারণ সমস্যা হলেও, অতিরিক্ত চুল ঝরে যাওয়া অনেককেই চিন্তিত করে তোলে। টাকের সমস্যা এড়াতে কত চেষ্টাই না করেন সকলে! তবে জানেন কি, আপনার অজান্তেই কিছু ভুল অভ্যাসের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মূল্যবান চুল? বিশেষ করে স্নান করা এবং চুল ধোয়ার পদ্ধতিতে কিছু ত্রুটি থাকার কারণেই অতিরিক্ত চুল ঝরে যাওয়ার প্রবণতা বাড়ে। স্নানের আগে ও পরের কিছু ভুল অভ্যাস চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেয়েদের চুল পড়ার অন্যতম প্রধান কারণ এই ভুলগুলোই। চলুন, জেনে নেওয়া যাক সেই ভুলগুলি:

১. প্রতিদিন চুল ধোয়া: আমাদের মধ্যে অনেকেই মনে করেন প্রতিদিন স্নানের সাথে চুল ধোয়াও জরুরি। কিন্তু এটি একটি ভুল ধারণা। আপনার দৈনিক কাজের ধরণ এবং কতটা সময় আপনি বাইরে থাকেন তার উপর নির্ভর করে চুল ধোবেন। চুল নোংরা না হলে প্রতিদিন চুলে জল লাগানোর কোনো প্রয়োজন নেই। যাদের লম্বা ও ঘন চুল, তাদের ক্ষেত্রে এটি আরও বেশি ক্ষতিকর। ঘন চুল শুকাতে বেশি সময় লাগে এবং দীর্ঘক্ষণ গোঁড়া ভেজা থাকার কারণে চুল দুর্বল হয়ে পড়ে।

২. দিনে একাধিকবার চুল ভেজানো: যদি আপনার দিনে দুই-তিনবার স্নানের অভ্যাস থাকে, তবে প্রতিবার চুল ভেজানো উচিত নয়। এতে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ে।

৩. নিয়মিত শ্যাম্পু ব্যবহার: প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, তা সে যতই ভালো বা দামি শ্যাম্পু হোক না কেন। শ্যাম্পুতে থাকা রাসায়নিক চুলের প্রাকৃতিক তেল কেড়ে নেয়, যা চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলে।

৪. প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার: অনেকেই মনে করেন কন্ডিশনার ব্যবহার করলে চুল ভালো থাকে। তবে এটি একটি ভুল ধারণা। কন্ডিশনার চুলের বাহ্যিক মসৃণতা ও উজ্জ্বলতা বৃদ্ধি করে ঠিকই, কিন্তু নিয়মিত ব্যবহারে চুল পড়ার হার বাড়িয়ে দিতে পারে।

৫. ভেজা চুল আঁচড়ানো: স্নানের পরপরই ভেজা চুল আঁচড়াতে বসা একটি বড় ভুল। ভেজা চুল নরম ও ভঙ্গুর থাকে। এই সময় আঁচড়ালে চুল সহজেই ভেঙে যায় এবং চুল ঝরার পরিমাণ বেড়ে যায়।

৬. স্নানের আগে চুল আঁচড়ানো: স্নানে যাওয়ার আগে বা শ্যাম্পু করার আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। এতে চুলে জট পড়া কমে, ফলে চুল কম ভাঙে ও ছিঁড়ে।

৭. তোয়ালে দিয়ে ঘষে চুল মোছা: তোয়ালে দিয়ে ঘষে ঘষে চুল মোছার অভ্যাস ত্যাগ করুন। এই অভ্যাসের কারণে চুলের আগা ফেটে যায় এবং প্রচুর চুল ঝরে। আলতো হাতে তোয়ালের সাহায্যে চুলের অতিরিক্ত জল শুষে নিন।

৮. দীর্ঘক্ষণ মাথায় তোয়ালে পেঁচিয়ে রাখা: স্নানের পর দীর্ঘ সময় মাথায় তোয়ালে পেঁচিয়ে রাখলে চুলের উপর চাপ পড়ে এবং চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যত দ্রুত সম্ভব প্রাকৃতিক উপায়ে চুল শুকিয়ে নিন।

৯. হেয়ার ড্রায়ার বা রোদে চুল শুকানো: চুল তাড়াতাড়ি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা বা সরাসরি রোদে বসে চুল শুকানো চুলের জন্য ক্ষতিকর। অতিরিক্ত তাপ চুলের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয় এবং চুলকে দুর্বল করে তোলে। ফ্যানের বাতাসে চুল শুকানোই সবচেয়ে ভালো উপায়।

১০. অর্ধশুকনো চুলে ঘুমানো: দুপুরে বা রাতে স্নানের পর অনেকেই চুল পুরোপুরি না শুকিয়েই ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস চুলের গোঁড়াকে দুর্বল করে তোলে এবং চুল পড়ার হার বাড়িয়ে দেয়। ঘুমানোর আগে চুল ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি।

এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিলে আপনি আপনার চুলের স্বাস্থ্য রক্ষা করতে পারেন এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা অনেকাংশে কমাতে সক্ষম হবেন। তাই আজ থেকেই সচেতন হন এবং চুলের সঠিক যত্ন নিন।