রোল, চাউমিন, তেলেভাজা কার না প্রিয়। তাই বলে শরীরের মোটেই প্রিয় নয়। বরং এগুলি খেলে পেট খারাপ থেকে ওজন, কোলেস্টেরল ও আরও নানা সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এমন খাবার এড়িয়ে যেতে বলেন চিকিৎসকরা।
শুধু শরীরের উপর কি প্রভাব ফেলে এমন খাবার? তা কিন্তু মোটেই নয়। বরং মনের উপরেও প্রভাব ফেলতে পারে এই খাবারগুলি। এই ধরনের খাবারে নুন ও ফ্যাটের পরিমাণ বেশি থাকে। যা কর্টিসল হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। তার ফলে মন অস্থির হয়ে পড়ে।
তাহলে কী খাওয়া যেতে পারে? চটজলদি খাবার বলতে অনেকেই এগুলোতে ভরসা করেন। কিন্তু এগুলির বদলেও কিছু খাবার রয়েছে যা খেতে পারেন। এতে শরীর যেমন ভালো থাকে। তেমনই ভালো থাকবে মন।
মুখরোচক খাবার হিসেবে বেছে নিতে পারেন কাটা ফলের মিশ্রণ। বিভিন্ন স্বাদের ফল কেটে তার মধ্যে ছড়িয়ে দিতে পারেন অল্প বিটনুন। এতেই খাবারের স্বাদ অনেকটা বেড়ে যাবে। ফল শরীরে জলের ভারসাম্য ধরে রাখে। অন্যদিকে তেলেভাজা জাতীয় খাবার শরীর থেকে জল টেনে নেয়।
এছাড়াও খেতে পারেন বাদাম। ভাজা বাদামের স্বাদ অল্প লঙ্কা ও বিটনুন দিয়ে খাওয়া যেতে পারে। বাদামের আরেকটি গুণ হল এটি অল্প খেলেই পেট ভরে যায়। ফলে সহজে খিদে পাবে না আপনার।