নুনের একাধিক উপকারিতা আছে। এর কাজ শুধু খাবারে স্বাদ আনাতেই সীমাবদ্ধ নয়। নুন যেমন রান্নাতে ব্যবহৃত হয় তেমনই সংসারের একাধিক কাজেও একে ব্যবহার করা যায়। একটু নুন আপনার নানান কাজে সাহায্য করে দিতে পারে।
দেখে নিন নুনের উপকারিতা-
১. ফ্রিজের দুর্গন্ধ দূর করে: একাধিক খাবার, সবজি ইত্যাদির কারণে অনেক সময় ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হয়। বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়াতে পারে। তাই এগুলো রোধ করতে ব্যবহার করুন নুন। কীভাবে? জলের সঙ্গে নুন মিশিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। এছাড়া ফ্রিজে যে সবজি রাখেন তার থেকে কেমিক্যাল বা ব্যাকটেরিয়া দূর করতে রান্না করার আগে সবজিকে নুন জলে চুবিয়ে রাখুন।
২. পিতল/তামার জিনিসকে নতুনত্ব চেহারা দিন: ঘরে থাকা পিতল বা তামার জিনিস কালো হয়ে গিয়েছে? জেল্লা হারিয়েছে? কুছ পরোয়া নেহি। আপনার রান্না ঘরেই আছে এর সমাধান। ভিনিগারে নুন আর ময়দা মিশিয়ে পরিষ্কার করে নিন জিনিসগুলো, তারপর কাপড় দিয়ে মুছে নিলেই একদম নতুনের মতো হয়ে যাবে আপনার জিনিস। বাড়াবে ঘরের সৌন্দর্য।
৩. ঝাঁটা: ঝাঁটা বহুদিন টিকিয়ে রাখতে নুনের জুড়ি মেলা ভার! নুন জলে ঝাঁটা ভিজিয়ে রাখুন। তারপর সেটাকে রোদে শুকিয়ে নিন ২০ মিনিট মতো। শুধু ঝাঁটা নয়, আপনার ঘর সাজানোর জন্য যে আর্টিফিসিয়াল ফুল আছে সেটাকেও একই ভাবে ভালো রাখতে পারেন। এমনকী আপনার দাঁত মাজার ব্রাশকেও।
৪. আসবাবপত্র: আপনার ঘরের আসবাবপত্র জেল্লা হারিয়েছে? হলদেটে হয়ে গিয়েছে? তাহলেও ভরসা রাখুন নুনে। গরম জলে নুন ফেলে বছরে একবার কী দু’বার আপনার সমস্ত আসবাব মুছে নিন। ফিরে পাবেন পুরনো রূপ।
৫. পোকা দূর করতে: কোথাও পিঁপড়ে বাসা বেঁধেছে? বা চালে/ ডালে পোকা ধরে গিয়েছে? নুন ব্যবহার করে তাড়ান। নুন জলের মিশ্রণ বানিয়ে সেটা স্প্রে করে দিলেই সমস্যা মিটবে। পোকা কামড়ালে নুন ঘষে দিন। উপকার পাবেন।
৬.জুতোর গন্ধ: অনেকেরই পায়ে এবং জুতোয় গন্ধ হয়। কী করে দূর করবেন বুঝে উঠতে পারেন না। সেক্ষেত্রে নুন রেখে জুতোতে। গন্ধ ভ্যানিশ হয়ে যাবে।