একঘেয়ে মাংসের ঝোল এর স্বাদ বদলাতে বানিয়ে নিন চিকেন পাতুরি, রইলো রেসিপি

অনেকেই আছেন যারা সপ্তাহে ২-৩ দিন বাড়িতে চিকেন রান্না করে থাকেন। তবে একঘেয়ে চিকেনের ঝোল বা চিকেন কারি খেতে মন না চইলে বানিয়ে ফেলতে পারেন চিকেন পাতুরি। গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর খুব জলদি বানিয়ে ফেলাও যায়। চলুন দেখে নিন কীভাবে বানাবেন বাড়িতে।

উপকরণ

বোনলেস চিকেন (৫০০ গ্রাম), সরষে বাটা (৩-৪ টেবিল চামচ), পোস্ত বাটা (২ টেবিল চামচ), কোরানো নারকেল (২ টেবিল চামচ), কাঁচালঙ্কা বাটা (১ টেবিল চামচ), চেরা কাঁচালঙ্কা (২-৩টি), হলুদ গুঁড়ো (১ চা চামচ), সরষের তেল (৫-৬ টেবিল চামচ), নুন (স্বাদমতো), কলাপাতা (বড় টুকরো করে কাটা)

পদ্ধতি

চিকেন নুন আর এক চামচ তেল মাখিয়ে রেখে দিন। চাইলে ১ চা চামচ লেবুর রস দিতে পারেন ম্যারিনেশনে। এবার একটা বড় বাটিতে সরষে বাটা, পোস্ত বাটা, সরষের তেল, নুন, গুঁড়ো হলুদ, নারকেল কোড়ানো আর সরষের তেল মিশিয়ে নিন একসঙ্গে। স্বাদমতো নুন দিন। সবশেষে কাঁচালঙ্কা বাটা মিশিয়ে ভালো করে মিশ্রনটি বানিয়ে নিন।

এবার চিকেন ওই মিশ্রনে মাখিয়ে নিন। রেখে দিন মিনিট দশেক। কলাপাতা গরম জলে ভিজিয়ে রাখুন ওই দশ মিনিট। এতে পাতা নরম হবে, পাতুরি মুড়তে সুবিধা হবে।

এবার কলা পাতার টুকরোর ঠিক মাঝখানে চিকেনটা রাখুন পরিমাণমতো। এবার ওপরে একটা কাঁচালঙ্কা দিয়ে মুড়ে নিন। সুতো দিয়ে বেঁধে দিন কলাপাতা। এভাবে সব কটা পাতুরি তৈরি করে নিতে হবে।

ননস্টিক প্যানে ১ টেবিল চামট তেল গরম করুন। তাতে কলাপাতায় মোড়া চিকেন রেখে আঁচ কমিয়ে রান্না করুন ২-৩ মিনিট। তারপর উলটে নিয়ে আরেকটা পিঠ সেঁকুন আরও ১-২ মিনিট। কলাপাতায় খয়েরি রং ধরলে বুঝবেন চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy