সাদা ভাত বনাম ব্রাউন রাইস, বাঙালির পাতে কোনটি বেশি স্বাস্থ্যকর?

সাদা ভাত বাংলাদেশের প্রধান এবং অতি পরিচিত খাবার। ভাত ছাড়া বাঙালির দৈনন্দিন জীবন যেন অচল। এটি যেমন সুস্বাদু, তেমনই সহজে রান্না করা যায়। তবে, সাদা চালের পাশাপাশি বাদামী চাল বা ব্রাউন রাইস-এরও ব্যবহার বাড়ছে, কারণ এর রয়েছে নানা স্বাস্থ্যগত উপকারিতা। কিন্তু পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি উপযোগী, তা নিয়ে আলোচনা জরুরি।

সাদা চাল একটি সাধারণ কার্বোহাইড্রেট, যা দ্রুত শরীরে শক্তি যোগান দেয়। এর কারণ হলো এতে তুষ বা ভুসি কম পরিমাণে থাকে, ফলে দ্রুত হজম হয়। অন্যদিকে, ব্রাউন রাইস সাদা চালের চেয়ে বেশি স্বাস্থ্যকর বলে বিবেচিত।

সাদা চালের পুষ্টিগুণ
সাদা চাল মূলত কার্বোহাইড্রেটের উৎস, যা শরীরের প্রধান জ্বালানি হিসেবে কাজ করে। এটি দৈনিক কর্মশক্তির যোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, সাদা চালে রয়েছে ভিটামিন বি১, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ এবং কার্বোহাইড্রেট। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভাত রাখা যেতেই পারে।

বাদামী চালের (ব্রাউন রাইস) পুষ্টিগুণ
পুষ্টিগুণের দিক থেকে ব্রাউন রাইস সাদা চালের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। এই সুপারফুডে ক্যালোরি ও চর্বি কম থাকে এবং এটি গ্লুটেন-মুক্ত। তাই স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ব্রাউন রাইস বেশ জনপ্রিয়। এতে যেসব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়, তা হলো:

খাদ্যতালিকাগত ফাইবার
খনিজ পদার্থ: জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং সেলেনিয়াম
ভিটামিন: ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৩, ভিটামিন বি৬, ভিটামিন ই এবং ভিটামিন কে
অ্যান্টিঅক্সিডেন্টস: ফ্ল্যাভোনয়েডস
প্রোটিন
অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড
কেন খাবেন ব্রাউন রাইস?
ভাত আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে সাদা চাল অতিরিক্ত প্রক্রিয়াজাত করা হয়, যার ফলে এর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সাদা ভাতের তুলনায় ব্রাউন রাইস কেন বেশি উপকারী, তার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো:

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ব্রাউন রাইসে থাকা ফাইবার, পলিফেনল এবং ফাইটিক অ্যাসিড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে ধীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, ফলে সুগার লেভেল স্থিতিশীল থাকে। সাদা ভাতের ক্ষেত্রে এর উল্টোটা ঘটে, যে কারণে ডায়াবেটিস রোগীদের সাদা ভাত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ব্রাউন রাইসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটায়। এতে থাকা সুপারঅক্সাইড নামক একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে এবং অক্সিডেশন ড্যামেজ কমায়।

৩. ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ: ব্রাউন রাইস শরীরের বিভিন্ন অংশে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরিয়ে দিতে সাহায্য করে। একই সঙ্গে এটি ভালো কোলেস্টেরল বা HDL-এর মাত্রা বাড়ায়। এর ফলে একদিকে যেমন ওজন কমে, তেমনি অন্যদিকে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায়।

৪. হজমশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি: একাধিক গবেষণায় দেখা গেছে, ব্রাউন রাইসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজম ক্ষমতার উন্নতি ঘটায়। মস্তিষ্কের ক্ষমতা বাড়াতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। সাদা চালের চেয়ে ব্রাউন রাইসে বেশি ফাইবার থাকায় এটি হজমশক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে।

৫. স্মৃতিশক্তি রক্ষা: ব্রাউন রাইসে থাকা পুষ্টিকর উপাদান মস্তিষ্কের অভ্যন্তরে প্রোটিলেন্ডোপেটিডেস নামক একটি ক্ষতিকর এনজাইমের নিঃসরণ কমিয়ে দেয়। ফলে মস্তিষ্কের ক্ষয় হওয়ার আশঙ্কা হ্রাস পায়। এর ফলে ডিমেনশিয়া, অ্যামেনসিয়া এবং অ্যালঝাইমার ডিজিজের মতো রোগের ঝুঁকিও কমে যায়।