শিশুদের চোখ লাল হওয়া: কারণ ও প্রতিকার, জরুরি পরামর্শ বিশেষজ্ঞদের

ছোট শিশুদের ত্বক, চোখ সহ দেহের বিভিন্ন অঙ্গ অত্যন্ত সংবেদনশীল হয়। চোখের মতো একটি অতি সংবেদনশীল অঙ্গ যখন লাল হয়ে যায়, তখন তা অভিভাবকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চোখ লাল হওয়ার সঙ্গে শুষ্ক ভাব, চুলকানি এবং জল পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় এর পেছনে গুরুতর কারণও লুকিয়ে থাকে। শিশুদের চোখ কেন লাল হয় এবং এর প্রতিকার কী, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শিশুদের চোখ লাল হওয়ার কারণসমূহ:
চোখ ডলা বা ঘষা: আপনার শিশু যদি ঘন ঘন চোখ ডলে বা ঘষে, তবে চোখ লাল হয়ে যাওয়া খুবই সাধারণ একটি কারণ। সাধারণত এটি কিছুক্ষণের মধ্যেই নিজে থেকে ঠিক হয়ে যায়।
অ্যালার্জি ও আঘাত: ধুলোবালি বা কোনো নির্দিষ্ট পণ্যের (যেমন সাবান, শ্যাম্পু) ব্যবহারের ফলে শিশুদের চোখে অ্যালার্জি হতে পারে, যার কারণে চোখ লাল হয়ে যায়। আবার খেলাধুলা করতে গিয়ে আঘাত লাগলেও চোখ লাল হতে পারে এবং জল পড়তে পারে। এমন ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ভাইরাল ইনফেকশন: অ্যাডিনোভাইরাস এবং হারপিসের মতো ভাইরাসের কারণে শিশুদের মধ্যে ভাইরাল ইনফেকশন দেখা দিতে পারে। এর ফলে চোখের ভেতরের অংশ লাল হয়ে যায় এবং কখনও কখনও অন্যান্য শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে।
ব্যাকটেরিয়াল ইনফেকশন: সাধারণত হিমোফিলাস বা স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়ার কারণে শিশুদের চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এর অন্যতম লক্ষণ হলো চোখের মণির চারপাশের রঙ লাল হয়ে যাওয়া। কিছু কিছু ক্ষেত্রে চোখ হলুদও হয়ে যেতে পারে।
পোকার কামড়: খেলাধুলা করার সময় শিশুর চোখে ছোটখাটো পোকা কামড়াতে পারে। অনেক সময় এগুলো নিজে থেকেই ঠিক হয়ে গেলেও, মাঝে মাঝে গুরুতর আকার ধারণ করতে পারে। তাই এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
শিশুর চোখ লাল হলে কী করবেন?
শিশুর চোখ লাল হয়ে গেলে কিছু প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন, যা সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে:
ঠান্ডা জলের ঝাপটা: চোখে ধুলা বা আঘাতের কারণে লাল হলে, সঙ্গে সঙ্গে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। এটি চোখের অস্বস্তি কমাতে সাহায্য করবে। চোখ পরিষ্কার করার জন্য নরম তোয়ালে ব্যবহার করুন।
গরম সেঁক: সুতির নরম কাপড় গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন এবং সেই গরম কাপড় দিয়ে শিশুর চোখে আলতো করে সেঁক দিন। আঘাত বা পোকার কামড়ের ফলে চোখ লাল হলে এই সেঁক প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
পণ্যের পরিবর্তন: যদি কোনো নির্দিষ্ট সাবান বা শ্যাম্পু ব্যবহারের পর অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই পণ্যগুলি পরিবর্তন করুন।
চোখ চুলকানো থেকে বিরত রাখা: আপনার সন্তান যদি বারবার চোখ চুলকায়, তবে তাদের এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করুন। কারণ এতে চোখের সমস্যা আরও বাড়তে পারে।
চিকিৎসকের পরামর্শ: সমস্যার তীব্রতা অনুযায়ী চিকিৎসকের পরামর্শে চোখের ড্রপ ব্যবহার করতে পারেন। এটি লাল ভাব এবং অন্যান্য উপসর্গ কমাতে সাহায্য করবে। তবে নিজে নিজে কোনো ড্রপ ব্যবহার করা উচিত নয়।