বর্ষার স্যাঁতস্যাঁতে গরমে ব্রণ? রাতারাতি মুক্তি মিলবে আয়ুর্বেদিক উপায়ে!

গরমের অস্বস্তি তার উপর বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়া – এই সময় ত্বকের বিভিন্ন সমস্যা যেন আরও বেড়ে যায়। আর তৈলাক্ত ত্বকের জন্য ব্রণ তো এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই ব্রণের কারণে মুখের সৌন্দর্য ম্লান হয়ে যায়, যা অনেককেই হতাশ করে তোলে।
যদিও ব্রণ সারাতে অনেকেই ঘরোয়া পদ্ধতির উপর ভরসা রাখেন, তবে জানেন কি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদে ব্রণ নিরাময়ের একাধিক কার্যকরী উপায় উল্লেখ আছে? এই আয়ুর্বেদিক উপাদানগুলি ব্যবহার করেই আপনি রাতারাতি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন।
১. তুলসি ও হলুদের প্যাক: তুলসির জাদুকরি উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সকলেই অবগত। অন্যদিকে হলুদের রয়েছে অ্যান্টি-সেপটিক গুণ। এই দুটি উপাদান দিয়েই তৈরি করা যায় ব্রণের অব্যর্থ ওষুধ! এর জন্য ২ চামচ কাঁচা হলুদ বেটে নিন। একইভাবে ২০-২৫টি তুলসি পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এবার এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে ব্রণের উপর ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন অন্তত তিনবার এই প্যাক মুখে ব্যবহার করুন, দ্রুত ফল পাবেন।
২. নিম ও গোলাপজলের মিশ্রণ: নিমপাতা ত্বকের জন্য অ্যান্টি-সেপটিক হিসেবে কাজ করে, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। অন্যদিকে গোলাপজল ত্বককে স্নিগ্ধ ও সতেজ রাখে। এই মিশ্রণ তৈরি করতে ৫-৬টি নিম ডাল পাতা-সহ ভেঙে নিন। পাতাগুলো ধুয়ে সামান্য জলে ২ মিনিট ফুটিয়ে নিন। তারপর জল থেকে পাতা তুলে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। এই পেস্টের সঙ্গে ২ চা চামচ গোলাপজল মিশিয়ে ব্রণের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দ্রুত শুকাতে সাহায্য করবে এবং ব্যথাও কমাবে।
৩. মধুর জাদু: আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধে মধুর ব্যবহারের উল্লেখ রয়েছে। মধু নানারকম ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে, যা ব্রণ নিরাময়ে অত্যন্ত উপযোগী। এক চা চামচ খাঁটি মধুতে অল্প তুলো ভিজিয়ে সরাসরি ব্রণের উপর লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে কয়েকবার ব্যবহারেই ব্রণ কমতে শুরু করবে।
৪. চন্দনের প্যাক: বিভিন্ন প্রদাহ, ব্যথা ও ক্ষত সারাতে চন্দনের ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। বাড়িতে চন্দনপাটা থাকলে তাতে চন্দনকাঠ ঘষে চন্দন বের করে নিন। না থাকলে খাঁটি চন্দন গুঁড়োও ব্যবহার করতে পারেন। গোলাপজল বা সাধারণ জলের সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন এবং ব্রণের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে টান ধরলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণ সারাতে সাহায্য করে।
৫. লেবুর জল: ভিটামিন সি ব্রণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য ২টি পাতিলেবু চিপে রস বের করে ২ চা চামচ জলের সঙ্গে মেশান। এই মিশ্রণে তুলো ভিজিয়ে ব্রণের উপর লাগিয়ে দিন। খুব দ্রুত ব্রণ শুকিয়ে যাবে। তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা লেবুর রস এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এটি ত্বকে জ্বালাভাব সৃষ্টি করতে পারে।
এই প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক উপাদানগুলি ব্যবহার করে আপনি সহজেই বর্ষার এই স্যাঁতস্যাঁতে গরমেও ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার ত্বকের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে পারেন।