পেটে গ্যাসের অস্বস্তি? ওষুধ নয়, এই ঘরোয়া পদ্ধতিতেই মিলবে আরাম!

অনিয়মিত খাওয়া-দাওয়া এবং অতিরিক্ত তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে অনেকেই পেটে গ্যাসের সমস্যায় ভোগেন। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খেলে এবং হজমে সমস্যা হলে পেটে গ্যাস জমে পেট ফেঁপে ওঠে। এর ফলে শুরু হয় বদহজম এবং পেটে অস্বস্তি বা ব্যথাও অনুভূত হতে পারে। এই পেট ফাঁপা ও বদহজম থেকে কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানার মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে এই সমস্যার সমাধানে ওষুধ না খেয়ে শুরুতেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে দ্রুত আরাম পাওয়া যায়। জেনে নিন সেই উপায়গুলি:

>> পর্যাপ্ত জল পান করুন: জল দ্রুত খাবার হজম করতে সাহায্য করে। বিশেষ করে যারা হজমজনিত সমস্যায় ভুগছেন, তাদের উচিত প্রচুর পরিমাণে জল পান করা।

>> বসে থাকুন বা হাঁটাচলা করুন: পেটে ফোলাভাব ও অস্বস্তি হলে কখনোই শুয়ে থাকবেন না। বরং কয়েক ঘণ্টা বসে, দাঁড়িয়ে বা হাঁটাহাঁটির মধ্যে থাকুন। শুয়ে থাকলে পেটের অস্বস্তি আরও বাড়তে পারে।

>> হালকা গরম জলে স্নান বা তাপ প্রয়োগ: হালকা গরম জলে স্নান করলে আরাম পাওয়া যায়। এছাড়াও হিটিং ব্যাগের সাহায্যে পেটে অন্তত ২০ মিনিটের জন্য তাপ প্রয়োগ করুন।

>> বেকিং সোডা ও লেবুর রস: কিছু গবেষণায় দেখা গেছে, এক চিমটি বেকিং সোডা ও লেবুর রস এক গ্লাস জলে মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে দ্রুত মুক্তি মেলে। এই মিশ্রণ কার্বনিক অ্যাসিড উৎপাদন করে, যা গ্যাস এবং বদহজম কমাতে সাহায্য করতে পারে। সেইসঙ্গে এটি লিভারের ক্ষরণ এবং অন্ত্রের গতিশীলতাও উন্নত করতে পারে।

>> আদা: হজমের সমস্যার দ্রুত সমাধানে আদার জুড়ি নেই। আর বদহজম দূর হলে আপনাআপনিই পেটে ফাঁপার সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার পর এক টুকরা আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সমস্যা হবে না। এছাড়াও, আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করতে পারেন। সকাল-বিকাল আদা চা পান করলেও পেট ফাঁপা অনেকটা উপশম হয়।

>> শসা: শসা খেলে পেট ঠান্ডা থাকে। এতে থাকে ফ্লেভোনয়েড ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা পেটে গ্যাসের সমস্যা কমায়।

>> টকদই: টকদই অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। এর ফলে ডাইজেস্টিভ ট্র্যাক উন্নত হয় এবং হজমশক্তি বাড়ে। ফলে পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমে।

>> পেঁপে: পেঁপেও বদহজম থেকে রক্ষা করে। এতে থাকে পাপায়া নামক এনজাইম, যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।

>> কাঁচা হলুদ: কাঁচা হলুদ চিবিয়ে খেলে দ্রুত পেট ফাঁপার সমস্যার সমাধান হয়। কাঁচা খেতে না পারলে, আদার মতো হলুদ ছেঁচে নিয়ে জলে ফুটিয়ে চা তৈরি করে পান করুন।

>> দারুচিনি: হজমের জন্য খুবই ভালো এই মসলাটি। এক গ্লাস জলে আধা চামচ দারুচিনির গুঁড়ো বা আস্ত দারুচিনি ফুটিয়ে দিনে ২-৩ বার খেলে গ্যাস দূরে থাকে।

>> জিরা: জিরা পেটের গ্যাস নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে পেটের ব্যথা দূর করতে এবং হজমক্রিয়া উন্নত করে জিরায় থাকা পুষ্টিগুণ। এক গ্লাস জলে সামান্য জিরার গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন।

>> তুলসী: তুলসিতে এমন পদার্থ আছে, যা গ্যাসের সমস্যা কমাতে পারে। এছাড়াও ক্ষুধা বাড়ায়, পেটে ব্যথা, অস্বস্তি, ফোলাভাব কমায় এবং সামগ্রিক হজমে উন্নতি ঘটায়। তুলসিতে থাকে ইউজেনল, যা পেটে অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে পারে।

>> ডাবের জল: ডাবের জলে উচ্চ মাত্রায় পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এই জল রিহাইড্রেটিংয়ের জন্যও বেশ কার্যকর এবং বেশিরভাগ স্পোর্টস ড্রিঙ্কের চেয়ে এটি ভালো বিকল্প। প্রতি ৪-৬ ঘণ্টা পরপর ২ গ্লাস করে ডাবের জল খেলে পেট ফাঁপার সমস্যার সমাধান হবে।

>> কলা: কলায় থাকে ভিটামিন বি-৬, পটাসিয়াম এবং ফোলেট। এই পুষ্টি উপাদানগুলো পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও বদহজমের ফলে হওয়া কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া উপশম করে কলা।

এই সহজ ঘরোয়া উপায়গুলি অবলম্বন করে আপনি সহজেই পেটের গ্যাসের অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন। তবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।