ডাক্তারদের মতে মাথাব্যথার এই লক্ষণগুলো দেখা দিলেই চরম সাবধান!

মাথাব্যথা চিকিৎসকদের কাছে সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি। রোগীরা বেশিরভাগ সময় যে দুটি সমস্যা নিয়ে বিভ্রান্ত হন, তা হলো ডিহাইড্রেশনজনিত মাথাব্যথা এবং মাইগ্রেন। যদিও এগুলোর মধ্যে কিছু মিল থাকে, তবে এদের উৎপত্তি এবং চিকিৎসা সম্পূর্ণ আলাদা।
ডিহাইড্রেশনজনিত মাথাব্যথা মূলত শরীর থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে হয়, যা পর্যাপ্ত পানি পানের ৩০ থেকে ১২০ মিনিটের মধ্যে সেরে যায়। অন্যদিকে, মাইগ্রেন হলো একটি স্নায়বিক অবস্থা, যা প্রায়শই একপাশের, স্পন্দনশীল এবং মাঝারি থেকে তীব্র হয়। এর সাথে বমি ভাব, আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা এবং ‘অরা’ এর মতো উপসর্গ থাকে, যা শুধু পানি পানে সারে না।
ডিহাইড্রেশন এবং মাইগ্রেনের মধ্যে পার্থক্য বুঝতে পারলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। পানিশূন্যতাজনিত মাথাব্যথা সাধারণত দুই পাশের এবং ভোঁতা হয়, যা শুয়ে থাকলে কমে। অপরদিকে মাইগ্রেন বেশিরভাগ সময় একপাশের ও দপদপে হয়। তবে পানিশূন্যতা মাইগ্রেনের অন্যতম প্রধান কারণ হতে পারে।
বেশিরভাগ মাথাব্যথা নিরীহ হলেও কিছু লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। যেমন—হঠাৎ তীব্র মাথাব্যথা, জ্বর বা ঘাড় শক্ত হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস, অস্পষ্ট কথা বলা এবং মাথায় আঘাত পাওয়ার পরের ব্যথা। সন্দেহ হলে দ্রুত একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।