পোকামাকড়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো ছারপোকা। একবার ঘরে বাসা বাঁধলে এই পোকা দূর করা বেশ দুষ্কর। মূলত বিছানা, মশারি, বালিশ, সোফা—এই সমস্ত জিনিসে ছারপোকার উপদ্রব সবচেয়ে বেশি হয়। ছারপোকা রক্ত চুষে নেওয়ার ওস্তাদ, ফলে ছারপোকার কামড়ে জ্বালা, ব্যথা এবং অ্যালার্জির মতো সমস্যা দেখা দেয়। তবে দুইটি ঘরোয়া উপায়ে এই পোকার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।
১. পুদিনা পাতার ব্যবহার
পুদিনা পাতার গন্ধ ছারপোকা একদমই সহ্য করতে পারে না। তাই যেখানে ছারপোকার উপদ্রব বেশি, সেখানে তাজা পুদিনা পাতা রেখে দিন। বিছানা, সোফার পাশে এবং বাড়ির প্রতিটি কোণেও পুদিনা পাতা রাখতে পারেন। আপনি চাইলে পুদিনা পাতার রস থেকে তৈরি স্প্রেও ব্যবহার করতে পারেন। নিয়মিত এটি ব্যবহার করলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে।
২. নিম তেলের স্প্রে
নিম তেল তার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং কীটনাশক গুণাগুণের জন্য পরিচিত। ছারপোকা দমনেও এটি অত্যন্ত কার্যকর। এর জন্য:
সর্বপ্রথমে দুই টেবিল চামচ নিম তেল, এক কাপ জল এবং আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার নিন।
তারপর জলে নিম তেল এবং ডিটারজেন্ট পাউডার ভালো করে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন।
ছারপোকা যেখানে আছে, সেখানে (যেমন: বিছানার কোণ, সোফার ভাঁজ, দেওয়ালের ফাটল) ছড়িয়ে দিন।





