গরমে ঠান্ডা জলয় পানের প্রবণতা বাড়ছে, তবে ডেকে আনছে মারাত্মক বিপদ!

গরমের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ঠান্ডা পানীয় পানের আকাঙ্ক্ষাও বাড়ছে। তাৎক্ষণিকভাবে ঠান্ডা পানীয় কিছুটা স্বস্তি দিলেও, অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। শুধু প্রচলিত ঠান্ডা পানীয় নয়, সোডা জাতীয় পানীয়ও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। চলুন, জেনে নেওয়া যাক অতিরিক্ত ঠান্ডা পানীয় পানের কিছু বিপদ:

১. গলা ও শ্বাসতন্ত্রের ক্ষতি: ঠান্ডা পানীয়ের অন্যতম তাৎক্ষণিক বিপদ হলো গলা ও শ্বাসতন্ত্রের ক্ষতি। আমাদের নাক ও গলায় অসংখ্য ছোট ছোট আঙ্গুলের মতো সিলিয়া থাকে, যা শ্বাসতন্ত্রকে রক্ষা করে। ঠান্ডা পানীয় পান করলে এই সিলিয়া নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস বা নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে।

২. ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি: বেশিরভাগ ঠান্ডা পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে। নিয়মিত এই ধরনের পানীয় পান করার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

৩. হাড়ের দুর্বলতা: কিছু ঠান্ডা পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে। এই উপাদানটি হাড় থেকে ক্যালসিয়ামের ঘনত্ব কমিয়ে দেয়, যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ে।

৪. স্থূলতার আশঙ্কা: অতিরিক্ত ঠান্ডা পানীয় পানের ফলে স্থূলতার ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, সোডা ও অন্যান্য ঠান্ডা পানীয় পান করার ফলে স্থূলতার আশঙ্কা ১.৬ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

৫. সংবহনতন্ত্রের রোগ বৃদ্ধি: বিশেষজ্ঞরা বলছেন, নরম পানীয় নারী-পুরুষ নির্বিশেষে প্রায় ২০ শতাংশ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এটি সংবহনতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতায় বাধা সৃষ্টি করে।

৬. প্রজনন ক্ষমতা হ্রাস: প্লাস্টিকের বোতল থেকে ঠান্ডা পানীয় পান করলে শরীরে বিসফেনল এ নামক একটি ক্ষতিকর উপাদান মেশে। এই উপাদানটি নারীদের সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

৭. দাঁতের এনামেলের ক্ষয়: নরম পানীয় দাঁতের এনামেলের ক্ষয় করে। নিয়মিত ঠান্ডা পানীয় পান করলে দাঁতের ক্ষয় ও অন্যান্য দাঁতের সমস্যা বৃদ্ধি পায়।

অতএব, গরমে সাময়িক আরামের জন্য অতিরিক্ত ঠান্ডা পানীয় পান না করে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে এমন পানীয় গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। জল, ডাবের জল, ফলের রস এবং অন্যান্য স্বাস্থ্যকর পানীয় গরমে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এবং ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে।