উচ্চ রক্তচাপ: নীরব ঘাতক, অবহেলা ডেকে আনতে পারে অকাল মৃত্যু!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বিশ্বে ৩০-৭৯ বছর বয়সী প্রায় ১.২৮ বিলিয়ন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু এর মধ্যে ৪৬ শতাংশ মানুষই জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত। আরও উদ্বেগের বিষয় হলো, উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রতি ৫ জনের মধ্যে মাত্র ১ জন (২১%) এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। যদিও জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তবে অবহেলা ডেকে আনতে পারে অকাল মৃত্যু।
উচ্চ রক্তচাপের কারণে অকাল মৃত্যু ঝুঁকি
WHO-এর রেকর্ড বলছে, বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপে আক্রান্ত অর্ধেক প্রাপ্তবয়স্কের (৪২ শতাংশ) কমই এর চিকিৎসা গ্রহণ করেন। এর অর্থ হলো, অসংখ্য মানুষ উচ্চ রক্তচাপের সঙ্গে বসবাস করছেন যা তাদের অজান্তেই জীবন ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই রোগীর সংখ্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিউরের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে।
উচ্চ রক্তচাপের যে লক্ষণগুলো অবহেলা করা উচিত নয়:
উচ্চ রক্তচাপ সব সময় প্রাণঘাতী না হলেও, এর কিছু প্রাথমিক লক্ষণ আছে যা একেবারেই অবহেলা করা উচিত নয়। এগুলো সময় মতো চিনে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে বিপদ এড়ানো সম্ভব।
বুকে ব্যথা (এনজাইনা): উচ্চ রক্তচাপের কারণে বুকে ব্যথা হলে তাকে এনজাইনা বলে। এটি বুকে চাপ, ভারি হওয়া বা ব্যথার মতো অনুভূত হতে পারে। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে গেলে এনজাইনা হয়।
মাথাব্যথা: উচ্চ রক্তচাপের কারণে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন নামক একটি অবস্থার সৃষ্টি হতে পারে, যেখানে মস্তিষ্কের অভ্যন্তরে গুরুতর চাপ তৈরি হয়। এর ফলে যে মাথাব্যথা হয় তা সাধারণ জ্বর বা মাইগ্রেনের চেয়ে ভিন্ন এবং কমানো কঠিন।
ঝাপসা দৃষ্টি: উচ্চ রক্তচাপ চোখের রক্তনালিগুলোর ক্ষতি করে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সৃষ্টি করতে পারে। এর সঠিক চিকিৎসা না হলে ধীরে ধীরে চোখের আলো নিভে যেতে পারে।
ক্লান্তি: একটানা ক্লান্তি উচ্চ রক্তচাপের একটি লক্ষণ হতে পারে। অনেক অসুস্থতার সঙ্গেই ক্লান্তি যুক্ত হলেও, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই লক্ষণটি অবহেলা করা উচিত নয়।
অন্যান্য লক্ষণ:
উপরিউক্ত লক্ষণগুলো ছাড়াও উচ্চ রক্তচাপের আরও কিছু উপসর্গ থাকতে পারে:
নাক দিয়ে রক্ত পড়া
অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ
কানে বিভিন্ন শব্দ শোনা
বমি বমি ভাব
বমি
বিভ্রান্তি
দুশ্চিন্তা
শরীরে পেশি কেঁপে ওঠা
ভয়াবহ পরিণতি:
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। হার্ট অ্যাটাক হয় যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, আর হার্ট ফেইলিউর হয় যখন হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পাম্প করতে পারে না। এছাড়াও, উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহকারী ধমনী ফেটে গিয়ে স্ট্রোক হতে পারে।