দিন শুরু করার জন্য অনেকেই সকালে খালি পেটে ড্রাই ফ্রুটস বা শুকনো ফল বেছে নেন। কাজু, কিসমিস, আমন্ড বা আখরোট পুষ্টির ভাণ্ডার হলেও, খালি পেটে এগুলো খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সঠিক পদ্ধতিতে খেলে এটি যেমন শরীরের হাল ফেরাতে পারে, ভুল পদ্ধতিতে হতে পারে হিতে বিপরীত।
পুষ্টিবিদদের মতে, আমন্ড বা আখরোটের মতো ড্রাই ফ্রুটস সরাসরি না খেয়ে সারারাত ভিজিয়ে রেখে সকালে খাওয়া সবচেয়ে ভালো। কারণ শুকনো অবস্থায় এগুলোতে থাকা ‘ফাইটিন অ্যাসিড’ হজমে বাধা দিতে পারে। সকালে ভেজানো ড্রাই ফ্রুটস খেলে মেটাবলিজম দ্রুত বাড়ে এবং শরীরে এনার্জির মাত্রা তুঙ্গে থাকে। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ।
তবে সাবধান! খালি পেটে অতিরিক্ত কিশমিশ বা মিষ্টি শুকনো ফল খেলে হঠাৎ করে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের গ্যাস বা অম্বলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সরাসরি ড্রাই ফ্রুটস অস্বস্তি বাড়াতে পারে। তাই সুস্থ থাকতে প্রতিদিনের ডায়েটে পরিমিত পরিমাণে ভেজানো ড্রাই ফ্রুটস রাখুন এবং নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করুন।