আমাদের অনেকেরই অভ্যাস রাস্তার ধারের দোকান থেকে খবরের কাগজে মোড়া গরম সিঙাড়া, কচুরি বা ঝালমুড়ি খাওয়া। এমনকি ঘরের তৈরি খাবার বা টিফিনও অনেক সময় খবরের কাগজে মুড়ে রাখা হয়। কিন্তু আপনি কি জানেন, এই ছোট অভ্যাসটি আপনার শরীরে ‘স্লো পয়জন’ বা ধীরগতির বিষ হিসেবে কাজ করছে? সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বিষয়ে এক ভয়াবহ সতর্কবার্তা জারি করেছেন।
বিশেষজ্ঞদের মতে, খবরের কাগজ ছাপানোর জন্য যে কালি ব্যবহার করা হয়, তাতে থাকে সিসা (Lead), গ্রাফাইট এবং ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক রাসায়নিক। যখনই কোনো গরম বা তৈলাক্ত খাবার কাগজের ওপর রাখা হয়, তখন ওই বিষাক্ত রাসায়নিকগুলো গলে খাবারের সঙ্গে মিশে যায়। এই দূষিত খাবার শরীরে প্রবেশ করলে হজমের সমস্যা তো বটেই, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে লিভার এবং কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি এর ফলে শরীরে ক্যানসারের কোষও তৈরি হতে পারে। ছোট শিশু এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই বিষক্রিয়া আরও ভয়াবহ প্রভাব ফেলে। তাই সুস্থ থাকতে আজই এই অভ্যাস ত্যাগ করুন এবং খাবারের জন্য স্টিলের পাত্র বা টিস্যু পেপার ব্যবহার করুন।