জন্মদিনের মাত্র দুদিন আগেই চলচ্চিত্র জগতের জন্য এক দারুণ সুখবর শোনালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রভাত রায়। আগামী ৮ মার্চ তাঁর জন্মদিন, আর সেই বিশেষ দিনটিকে সামনে রেখেই তিনি ঘোষণা করলেন তাঁর পরবর্তী প্রজেক্ট—রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘বলাই’ অবলম্বনে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। দীর্ঘ ১১ বছরের বিরতির পর আবারও পরিচালকের আসনে ফিরতে পেরে তিনি অত্যন্ত আবেগপ্রবণ।
ছবি প্রসঙ্গে প্রভাত রায় জানান, ৮২ বছর বয়স এবং শারীরিক অসুস্থতাকে সঙ্গী করেই তিনি এই নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন। তাঁর কথায়, “তিন বছর আগে যখন আমার শারীরিক অবস্থা শোচনীয় ছিল, ভেবেছিলাম আর হয়তো ফেরা হবে না। কিন্তু আমার মেয়ে একতা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে।” উল্লেখ্য, এই ছবির চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন একতা ভট্টাচার্যই।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, অনুজয় চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং ফাল্গুনি চট্টোপাধ্যায়কে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন। ছবিটির প্রযোজনায় রয়েছে ‘এমআরজে ফিল্মস’।
পরিচালক আরও জানান, “বয়স ও স্বাস্থ্যের কথা ভেবেই আমি পূর্ণদৈর্ঘ্যের পরিবর্তে স্বল্পদৈর্ঘ্যের ছবি বেছে নিয়েছি। হয়তো এটিই আমার শেষ কাজ, তাই এটিকে নিখুঁত করার সর্বোচ্চ চেষ্টা করছি।” ‘বলাই’ গল্পটির সারমর্ম অক্ষুণ্ণ রেখেই আধুনিক প্রেক্ষাপটে এর আবেগ ফুটিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। একতার হাত ধরে আবারও শ্যুটিং ফ্লোরে ফিরতে পারাটাকেই তিনি তাঁর জীবনের শ্রেষ্ঠ জন্মদিনের উপহার বলে মনে করছেন।