রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে এখন তোলপাড় সীমান্তের ওপার। প্রেক্ষাগৃহে মুক্তির সময় পাকিস্তান ও একাধিক উপসাগরীয় দেশে ছবিটি নিষিদ্ধ করা হলেও, শেষ রক্ষা হলো না। নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মের গণ্ডি পেরিয়ে ছবিটি এখন পাকিস্তানের পাইরেটেড বাজারেও দাপিয়ে বেড়াচ্ছে। আর সেখানেই ছবিটির দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
সম্প্রতি নিউজিল্যান্ডের জনপ্রিয় ইউটিউবার কার্ল রক একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে করাচির ব্যস্ত রেইনবো সেন্টারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে আদিত্য ধরের এই ছবি। কার্ল যখন দোকানদারের কাছে জানতে চান যে পাকিস্তানে তো ভারতীয় ছবি নিষিদ্ধ, তবে এটি এল কীভাবে? দোকানদার স্মিত হেসে জানান, এটিই এখনকার সবথেকে লেটেস্ট এবং জনপ্রিয় ছবি। রণবীর সিংয়ের পোস্টার লাগানো এই পাইরেটেড কপির দাম কত জানেন? মাত্র ৫০ পাকিস্তানি রুপি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ টাকার সমান!
দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে সে দেশের সিনেমা হলে ভারতীয় ছবি ব্রাত্য। কিন্তু ‘ধুরন্ধর’-এর প্রতি এই আকাশচুম্বী চাহিদা প্রমাণ করে দিল যে বিনোদনের কোনো কাঁটাতার হয় না। আপাতত করাচির অলিগলিতে রণবীরের এই দুর্ধর্ষ অ্যাকশন দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে, আর ভক্তরা এখন ছবির দ্বিতীয় ভাগের অপেক্ষায় দিন গুনছেন।