টিজার মুক্তি পেয়েই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল ‘ধুরন্দর ২’। কিন্তু সেই খুশির আমেজ কাটতে না কাটতেই আইনি জটিলতায় জড়াল ছবির পুরো টিম। দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় বেআইনিভাবে ড্রোন ব্যবহার করার অভিযোগে ছবির লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। অভিযোগ, হাই-সিকিউরিটি জোনে কোনো আগাম অনুমতি ছাড়াই ড্রোন উড়িয়ে শুটিং করছিল ছবির ইউনিট।
গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের এই সংবেদনশীল চত্বরে কৃত্রিমভাবে পাকিস্তানের একটি পুরনো রাস্তার সেট তৈরি করে শুটিং চলছিল। ১ ফেব্রুয়ারি শুটিংয়ের তৃতীয় দিনে সেটে উপস্থিত ছিলেন খোদ সুপারস্টার সঞ্জয় দত্ত। ঠিক তখনই পুলিশের নজরে আসে যে, সংরক্ষিত আকাশসীমায় ড্রোন ওড়ানো হচ্ছে। মুম্বইয়ের ফোর্ট চত্বরে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর থাকায় এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোকে বড়সড় নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে এমআরএ মার্গ থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২২৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও সঞ্জয় দত্ত বা অন্য কোনো তারকাকে আটক করা হয়নি, তবে ইউনিটের এই গাফিলতিতে ছবির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।