বিতর্ক যেন তাঁর চিরসঙ্গী। কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে গেলেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। এক তরুণীকে জোর করে নিজের ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঢাকার বনানী এলাকা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। অভিযোগ, ওই তরুণীকে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করার পাশাপাশি তাঁর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করার হুমকিও দিয়েছেন নোবেল।
পুলিশ সূত্রে খবর, ভুক্তভোগী তরুণী কোনওক্রমে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে পরিবারের সাহায্য নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নোবেল শুধু ওই তরুণীকে আটকে রাখাই নয়, তাঁকে জোর করে মাদক সেবনেও বাধ্য করার চেষ্টা করেছিলেন। এই খবর জানাজানি হতেই ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মহলে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, “নোবেলের মতো অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
উল্লেখ্য, এর আগেও মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে অভব্য আচরণ, সহকর্মীদের অশ্রাব্য গালিগালাজ এবং একাধিক ব্যক্তিগত কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে নোবেলের। বারবার সুযোগ পেলেও তিনি যে নিজেকে বদলাবেন না, তা তাঁর এই সাম্প্রতিক ‘ভয়ঙ্কর’ আচরণেই স্পষ্ট। বর্তমানে পুলিশ তাঁকে জেরা করছে এবং তাঁর ফ্ল্যাট থেকে বেশ কিছু সন্দেহজনক প্রমাণ উদ্ধার করা হয়েছে।