শেষরক্ষা হলো না, প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী; দুই নক্ষত্রপতনে স্তব্ধ বিনোদন জগৎ

টলিউডে শোকের কালো ছায়া যেন সরতেই চাইছে না। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের রেশ কাটতে না কাটতেই এবার মাতৃহারা হলেন বিশিষ্ট অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁদের মা, প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবার সূত্রে খবর, গত দু’দিন ধরে মস্তিষ্কের জটিল সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দেন দীপালি দেবী। সমাজমাধ্যমে মায়ের ছবি পোস্ট করে বড় দিদি বিদীপ্তা লিখেছেন, ‘ভালো থেকো মা’। অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মৃত্যুর পর দীপালি দেবীই ছিলেন তিন কন্যার প্রধান স্তম্ভ। তাঁর প্রাণবন্ত উপস্থিতি এবং নাতনিদের নিয়ে ভ্রমণের ছবিগুলি প্রায়ই নজর কাড়ত নেটিজেনদের।

সহকর্মী ও প্রিয় বন্ধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে গত কয়েকদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সুদীপ্তা। ২৯ মার্চ শুটিং সেটে রাহুলের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই শোক সামলে ওঠার আগেই নিজের মা’কে হারানোয় কার্যত বাকরুদ্ধ সুদীপ্তা ও তাঁর পরিবার। টলিপাড়ার অগুনতি সতীর্থ ও শুভানুধ্যায়ীরা এই কঠিন সময়ে শোকাতুর দুই বোনের পাশে দাঁড়িয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy