‘শিশুর মতো কেঁদেও টাকা দেয়নি রাজপাল!’ ধার দেওয়া কোটি কোটি টাকা নিয়ে বিস্ফোরক ব্যবসায়ী

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবকে নিয়ে এবার চরম বিড়ম্বনা। হাসি-ঠাট্টায় পর্দা মাতিয়ে রাখলেও বাস্তব জীবনে বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। অভিনেতা ৫ কোটি টাকা ধার নিয়ে তা শোধ করছেন না বলে দাবি করেছেন ব্যবসায়ী মাধব গোপাল আগরওয়াল। ১৮ ফেব্রুয়ারি বিকেলে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে ওই ব্যবসায়ী বিস্ফোরক দাবি করেছেন যে, টাকা চাওয়ার সময় রাজপাল শিশুদের মতো কান্নাকাটি করলেও শেষ পর্যন্ত পাওনা মেটাননি।

মাধব গোপাল আগরওয়াল জানিয়েছেন, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবিটির জন্য তাঁর কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলেন রাজপাল। সেই সময় তাঁদের মধ্যে একটি আইনি চুক্তি হয়েছিল। চুক্তিতে স্পষ্ট লেখা ছিল, ছবিটি বক্স অফিসে সফল হোক বা ব্যর্থ—নির্ধারিত সময়ের মধ্যে রাজপালকে সেই টাকা সুদে-আসলে ফেরত দিতে হবে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিনেতা কোনো টাকা দেননি বলে অভিযোগ।

ব্যবসায়ীর কথায়, “রাজপাল আমাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। একবার আমার সামনে শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল যাতে আমি টাকা ফেরত চাওয়ার জন্য চাপ না দিই। কিন্তু চুক্তিতে ব্যবসার কথা ছিল, কান্নার কোনো জায়গা নেই।” এই ঘটনায় রাজপাল যাদবকে এর আগে জেলও খাটতে হয়েছিল, কিন্তু তবুও পাওনাদারের দাবি মেটানো হয়নি। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে ফের আইনি জট ঘনীভূত হচ্ছে। রাজপাল যাদবের তরফ থেকে অবশ্য এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy