শাহিদ কাপুরের ছবি বয়কটের ডাক! বন্ধ হতে পারে ‘ও রোমিও’-র মুক্তি? আদালতের দরজায় গ্যাংস্টারের কন্যা!

টিজার মুক্তি পেতেই দর্শকমহলে শোরগোল ফেলে দিয়েছিল শাহিদ কাপুর ও তৃপ্তি ডিম্রি অভিনীত ‘ও রোমিও’। কিন্তু ১৩ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন ঝুলে রয়েছে অনিশ্চয়তার খাঁড়া। মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার মেয়ে সানোবর শাইখ এই ছবির বিরুদ্ধে মুম্বই নাগরিক আদালতে পিটিশন দায়ের করেছেন। তাঁর দাবি, এই ছবিতে তাঁর পিতাকে অত্যন্ত অবমাননাকর এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা তাঁদের পরিবারের সামাজিক সম্মান নষ্ট করছে। সানোবর স্পষ্ট জানিয়েছেন, ছবিটির মুক্তি অবিলম্বে স্থগিত বা বাতিল করতে হবে।

ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা দাবি করেছেন যে, ছবিটি ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’ নামক জনপ্রিয় বই থেকে অনুপ্রাণিত এবং এটি সম্পূর্ণ একটি কল্পকাহিনী। তবে সানোবর এই যুক্তি মানতে নারাজ। তাঁর অভিযোগ, টিজারে ‘বাস্তব ঘটনা’ হিসেবে যা দেখানো হয়েছে তা সত্যের অপলাপ। তিনি দাবি তুলেছেন, মুক্তির আগে তাঁকে ছবিটি দেখাতে হবে যাতে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কোনো দৃশ্য তাঁর পরিবারের জন্য ক্ষতিকর কি না। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। আদালতের রায়ের ওপরই এখন নির্ভর করছে শাহিদ কাপুরের এই বিগ বাজেট ছবির ভাগ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy