জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে টলিউডে শোকের ছায়া ছাপিয়ে এখন প্রতিবাদের আগুন। ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে তাঁর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা, অন্যদিকে আর্টিস্ট ফোরামের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন জীতু কমল ও সুদীপা চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।
আর্টিস্ট ফোরামের স্ট্যাম্প ও স্বাক্ষরহীন একটি বিবৃতি নিয়ে বিতর্ক তুঙ্গে। সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় লিখেছেন, ফোরাম যেন “আলুর গোডাউন” চালানোর মানসিকতা ছেড়ে শিল্পীদের পাশে দাঁড়ায়। জীতু কমলের অভিযোগ, ফোরাম নিজের ইমেজ পরিষ্কার করতে শিল্পীদের ব্যবহার করছে। এদিকে, ম্যাজিক মোমেন্টসের পক্ষে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তদন্তের স্বার্থে তিনি প্রয়োজনে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিতেও প্রস্তুত। সংস্থার দাবি, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী উদ্ধারের সময় রাহুল জীবিত ছিলেন এবং নিরাপত্তার সব নিয়ম মেনেই শুটিং চলছিল। তবে ৪০-৬০ মিনিট জলের তলায় থাকার তত্ত্ব মানতে নারাজ তাঁরা। এই রহস্যের জট ছাড়াতে এবং বিচার চাইতে আগামী শনিবার বিকেল ৪টেয় টেকনিশিয়ান্স স্টুডিওতে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।





