টিআরপি তালিকায় ঝড় তুলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। কখনও শীর্ষ স্থান তো কখনও দ্বিতীয়—বিদ্যার লড়াই মন্ত্রমুগ্ধ করে রেখেছে দর্শকদের। এবার সেই লড়াইয়ের পারদ আরও চড়াতে আসছে নতুন মহাপর্ব। প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রাজরীত ও বিদ্যার বৌভাতের অনুষ্ঠানে তৈরি হয়েছে চরম উত্তেজনা। রাজরীতের বাবা সটান জানিয়ে দিয়েছেন, বিদ্যাকে তিনি শুধু বাড়ি থেকেই নয়, কলেজ এবং এই শহর থেকেও বিতাড়িত করবেন।
কিন্তু দমে যাওয়ার পাত্রী নয় বিদ্যা ব্যানার্জিও। শ্বশুরের হুমকির পাল্টা জবাবে সে সাফ জানিয়ে দেয়, রাজরীতের বাবার যাবতীয় বেআইনি কাজ বা ‘দুই নম্বরি’ কারবার সে এবার গোটা শহরের সামনে ফাঁস করে দেবে। শ্বশুর-বউমার এই সম্মুখ সমর যখন তুঙ্গে, তখন স্বামী রাজরীতের অকুণ্ঠ ভালোবাসা কি পারবে বিদ্যার মনের ক্ষত সারাতে? রাজরীত বিদ্যাকে নিজের জীবনের ‘উপন্যাসের নায়িকা’ মানলেও বিদ্যা নিজেকে ভালোবাসার অযোগ্য মনে করে ক্ষমা চেয়ে নিয়েছে। স্বস্তিকা দত্ত ও অর্ণব বন্দ্যোপাধ্যায়ের এই অনস্ক্রিন রসায়ন এবং টানটান চিত্রনাট্য এখন রাত সাড়ে ৮টার স্লটে দর্শকদের ড্রয়িংরুমে উত্তেজনার পারদ বাড়িয়ে দিচ্ছে।