বিটাউনের অন্দরমহলে এখন একটাই নাম— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পরিচালক আদিত্য ধর এবং সুপারস্টার রণবীর সিংয়ের এই জুটিকে নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে শুধু অ্যাকশন নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ছবির বিশাল রানটাইম। শোনা যাচ্ছে, পার্ট ১-এর রেকর্ড ভেঙে সিক্যুয়েলটি হতে চলেছে সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম হিন্দি ছবি।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর ২’-এর দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪০ মিনিট থেকে ৩ ঘণ্টা ৫৫ মিনিটের মধ্যে হতে পারে। যদি খবর সত্যি হয়, তবে গত ২৬ বছরে জেপি দত্তর ‘এলওসি কার্গিল’ (৪ ঘণ্টা ৭ মিনিট)-এর পর এটিই হবে দীর্ঘতম বলিউড ছবি। প্রসঙ্গত, প্রথম পার্টের দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৩৪ মিনিট। স্বভাবতই বাড়তি দৈর্ঘ্যের খবর শুনে উচ্ছ্বসিত ভক্তরা।
ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি থাকছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং সারা অর্জুন। ‘রেহমান ডাকাইত’ চরিত্রে সাড়া জাগানো অক্ষয় খান্নাকে দেখা যাবে ফ্ল্যাশব্যাক দৃশ্যে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে ভিকি কৌশলের উপস্থিতি। গুঞ্জন রয়েছে, ‘উরি’ ছবির মেজর বিহান সিং শেরগিল হিসেবেই এখানে ক্যামিও করবেন তিনি। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আগে এখন শুধু সিবিএফসি (CBFC) সার্টিফিকেটের অপেক্ষা।