ভাতাৃসম সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ফের বড় বিপর্যয়ের মুখে টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং বিদীপ্তা চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন তাঁদের মা, বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু দীপালি চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
সূত্রের খবর, মস্তিষ্কের সমস্যার কারণে গত কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপালি দেবী। অস্ত্রোপচার হলেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালেই চিরবিদায় নেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি পোস্ট করে সুদীপ্তা শুধু লিখেছেন, ‘মা’। অন্যদিকে বিদীপ্তা লিখেছেন, “ভালো থেকো মা”। ২০১৮ সালে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তীকে হারিয়েছিলেন তাঁরা, এবার মাতৃহারা হলেন দুই বোন। উল্লেখ্য, গত রবিবার শুটিং সেটে রাহুলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছিলেন সুদীপ্তা। সেই লড়াইয়ের মাঝেই ব্যক্তিগত জীবনে নেমে এল এই পাহাড়প্রমাণ শোক।





