স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-এ আসতে চলেছে এক অভাবনীয় মোড়, যা দেখে দর্শকদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড়! যে তটিনীকে এতদিন দর্শক এবং খোদ পরশুরাম একজন সৎ মানুষ হিসেবে জেনে এসেছে, তার মুখোস কি এবার খুলতে চলেছে? প্রোমোতে দেখা যাচ্ছে, জেলে বন্দি কর্ণ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে আসে শীতল। সেখানেই সে বিস্ফোরক দাবি করে যে, তটিনী কোনো ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্য নয়। ওই নামে ডিপার্টমেন্টে কারও অস্তিত্বই নেই!
তটিনীর ডাবল রোল না কি অপরাধের জাল? ইতিমধ্যেই পরশুরামের হাতে এসেছে একটি রহস্যময় ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তটিনী এক পার্টিতে অপরাধীদের সঙ্গে মদ্যপান করছে। পরশুরাম প্রথমে বিশ্বাস করতে না চাইলেও তার টিম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভিডিওটি ‘এআই জেনারেটেড’ বা ফেক নয়। ১০ বছরের ঘর করা মানুষটার এই রূপ দেখে কার্যত দিশেহারা পরশুরাম। ভিডিওতে তটিনীর দিদি নন্দিনীকেও একঝলক দেখা গেছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে।
তটিনীকে এর আগে পিস্তল হাতে অ্যাকশন করতে দেখা গেছে, এমনকি পরশুরামের হেডকোয়ার্টারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। তবে কি সে পরশুরামের সমান্তরাল কোনো দুর্নীতি চক্রের অংশ? না কি পরশুরামের ছায়ার আড়ালে সে-ই আসল মাস্টারমাইন্ড? তটিনীর এই পরিচয় সংকট এখন ধারাবাহিকের সবচেয়ে বড় ইউএসপি (USP)। তটিনীর আসল রূপ দেখতে এখন চাতক পাখির মতো অপেক্ষায় অনুরাগীরা।





