নিঃশব্দে বিদায় নিলেন এম এম বেগ! মুম্বইয়ের ফ্ল্যাটে ৪-৫ দিন পড়ে ছিল নিথর দেহ, স্তব্ধ টিনসেল টাউন

বলিউডকে এক সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন দক্ষ পরিচালক এবং আশির দশকের জনপ্রিয় শিশুশিল্পী বেবি গুড্ডুর বাবা হিসেবে। কিন্তু প্রবীণ চলচ্চিত্র নির্মাতা এম এম বেগের (M.M. Baig) জীবনের শেষ পরিণতি যে এতটা করুণ হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। সম্প্রতি মুম্বইয়ের নিজের বাসগৃহ থেকে এই প্রবীণ পরিচালকের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিচালকের জনসংযোগ আধিকারিক হানি জাওয়েরি এই মর্মান্তিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পরিচালক। গত ৪-৫ দিন ধরে তাঁকে বাড়ি থেকে বেরোতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই একাকী থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের জন্য দেহটি কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

এম এম বেগ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। জে ওম প্রকাশ এবং রাকেশ রোশনের মতো তারকাদের সঙ্গে ‘আদমি খিলোনা হ্যায়’, ‘কালা বাজার’ বা ‘কিশন কানহাইয়া’র মতো ছবিতে কাজ করেছেন তিনি। পরে স্বাধীন পরিচালক হিসেবে শিল্পা শিরোদকরের ‘ছোটি বহু’ পরিচালনা করেন। তাঁর কন্যা বেবি গুড্ডু (শাহিন্দা বেগ) আশির দশকে ‘নাগিনা’ বা ‘আওলাদ’-এর মতো ছবিতে অভিনয় করে সারা ভারতে পরিচিতি পেয়েছিলেন। এক সময়ের নামী পরিচালকের এমন নিঃসঙ্গ প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy