ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের রেশ এবার আছড়ে পড়ল দুবাইয়ে। আর সেই যুদ্ধের আগুনেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় এবং একের পর এক বিমান বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন ‘জান্নাত’ খ্যাত এই অভিনেত্রী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রাণ বাঁচাতে তিনি সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সোনাল চৌহান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi জি, চলমান সংকটের মাঝে আমি বর্তমানে দুবাইয়ে আটকে পড়েছি। সমস্ত বিমান বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনো নিশ্চিত পথ নেই। আমি ভারত সরকারের কাছে নির্দেশিকা এবং সুরক্ষার প্রার্থনা করছি যাতে আমি নিরাপদে বাড়ি ফিরতে পারি।” সোনালের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, তিনি একটি কাজের জন্য দুবাই গিয়েছিলেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান পরিষেবা সম্পূর্ণ থমকে যাওয়ায় তিনি এখন বিমানবন্দরের বিশৃঙ্খলার মধ্যে বন্দি।
রিপোর্ট অনুযায়ী, দুবাই বিমানবন্দরের খুব কাছেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গিয়েছে, যার ফলে সেখানে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোনালের পাশাপাশি ভারতীয় শাটলার পিভি সিন্ধুও একই পরিস্থিতির শিকার হয়েছেন। দুবাইয়ের আকাশে লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে যাত্রীরা ভয়ে কুঁকড়ে গিয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই দুবাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোনালের মতো অসংখ্য ভারতীয়কে সেখান থেকে নিরাপদে উদ্ধার করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুবাইয়ের বিলাসবহুল জীবন আজ যুদ্ধের কবলে পড়ে ধূসর হয়ে গিয়েছে, আর সেখানেই এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে সোনাল চৌহান।