অবশেষে প্রতীক্ষার অবসান। হনুমান জয়ন্তীর পুণ্য লগ্নে মুক্তি পেল পরিচালক নীতেশ তিওয়ারির ড্রিম প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি প্রকাশ হতেই রীতিমতো উত্তাল নেটদুনিয়া। রণবীর কাপুরকে শ্রীরামের অবতারে দেখে মুগ্ধ দর্শকরা।
টিজারের শুরুতেই ধরা পড়েছে এক বিধ্বংসী প্রেক্ষাপট, যেখানে অধর্ম রুখতে শ্রীরামের আবির্ভাবের ইঙ্গিত দেওয়া হয়েছে। শান্ত স্বভাব, স্নিগ্ধ চোখ আর গেরুয়া বসনে রণবীরের ‘রাম’ লুকটি গায়ে কাঁটা দেওয়ার মতো। পাশাপাশি লঙ্কাপতি রাবণ হিসেবে অভিনেতা যশের এন্ট্রি এবং হনুমানের ‘শ্রীরাম’ ডাক সিনেমাটির হাইপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অস্কারজয়ী সংস্থা ডিএনইজি (DNEG)-এর ভিএফএক্স এবং এ.আর. রহমান ও হন্স জিমারের আবহ সঙ্গীত টিজারটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
রণবীর ঘরণী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “রাম!”। নেটিজেনদের মতে, এটি কেবল একটি সিনেমা নয়, বরং আধুনিক যুগের ‘গীতা’। ছবিতে সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমান রূপে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দেখা যাবে। সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে—প্রথম ভাগ ২০২৬-এর দিওয়ালিতে এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এর দিওয়ালিতে।





