অভিনয় ছেড়ে ব্যবসায় নেমে পড়লেন প্রান্তিকা! লঞ্চ করলেন নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘Margot L’Ane’

অভিনয় জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করার পর এবার নতুন পরিচয়ে হাজির অভিনেত্রী প্রান্তিকা দাস। ‘ভুলভুলাইয়া ৩’-এর সাফল্যের পর এবার উদ্যোক্তা হিসেবে নতুন পথচলা শুরু করলেন তিনি। অভিনেত্রী নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘Margot L’Ane’ (মার্গট লানে) লঞ্চ করে চমকে দিয়েছেন অনুরাগীদের।

দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি নিজের একটি ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখতেন প্রান্তিকা। বলিউড থেকে টলিউড, দক্ষিণ ভারত থেকে নর্থ-ইস্ট—দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে পাওয়া প্রেরণা আর দীর্ঘ গবেষণার ফসল তাঁর এই ব্র্যান্ড। আপাতত মেয়েদের জুতোর কালেকশন দিয়ে যাত্রা শুরু করলেও, ভবিষ্যতে পোশাক ও অন্যান্য ফ্যাশন অনুষঙ্গ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাঁর।

প্রান্তিকার ব্র্যান্ডের বিশেষত্ব হলো, প্রিমিয়াম লুক এবং উচ্চমানের উপকরণের মিশেল থাকলেও, এর দাম রাখা হয়েছে মধ্যবিত্তের নাগালে। অভিনেত্রীর কথায়, “আমার লক্ষ্য সাধারণের সাধ্যের মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট পৌঁছে দেওয়া।” ব্র্যান্ডের নামকরণের নেপথ্যেও রয়েছে এক দারুণ দর্শন। ফরাসি ভাষায় ‘মার্গট’ শব্দের অর্থ মুক্তো। ঊনবিংশ শতাব্দীতে এই নামটি ব্যবহৃত হতো আত্মবিশ্বাসী ও সাহসী নারীদের সম্বোধন করতে। প্রান্তিকা তাঁর মা ও দিদিমাকে অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন এবং মনে করেন, পৃথিবীর প্রতিটি আত্মবিশ্বাসী নারীই এক একজন ‘মার্গট’।

নিজের এই ব্র্যান্ডকে ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রান্তিকা। অভিনয়ের ব্যস্ত শিডিউলের মাঝেও উদ্যোক্তা হিসেবে তাঁর এই নতুন ইনিংস কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy