বলিউডের সুপারস্টার রণবীর সিং ও ‘ডন ৩’ বিতর্ক এবার পৌঁছে গেল আদালতের চৌকাঠে। ফারহান আখতারের এই বিগ বাজেট সিনেমা থেকে রণবীরের সরে দাঁড়ানো এবং পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE)-এর অসহযোগিতার নির্দেশিকা—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে রণবীরের সমর্থনে সরাসরি ময়দানে নেমেছেন প্রবীণ প্রযোজক এবং ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’ (IMPPA)-এর প্রাক্তন সভাপতি টিপি আগরওয়াল।
সিনেমা জগতের কোনো সংস্থা বা ব্যক্তির যে কোনো তারকাকে শিল্প থেকে ‘নিষিদ্ধ’ করার বা অন্য কারো সঙ্গে কাজ করতে বাধা দেওয়ার কোনো আইনি অধিকার নেই—এই দাবি তুলে বম্বে সিভিল কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন টিপি আগরওয়াল। তাঁর মতে, কাউকে অসহযোগিতার নির্দেশ দিয়ে কাজ থেকে বিরত রাখা সৃজনশীল স্বাধীনতা ও মৌলিক জীবিকার অধিকারের ওপর বড় আঘাত। ১৭ বছর আইএমপিপিএ-র সভাপতির দায়িত্ব সামলানো আগরওয়ালের এই আইনি পদক্ষেপ চলচ্চিত্র মহলে বড়সড় আলোড়ন ফেলেছে। আদালত ইতিমধ্যেই এফডব্লিউআইসিই (FWICE) এবং আইএমপিপিএ-কে নোটিশ জারি করেছে।
এদিকে, ফেডারেশনের পক্ষ থেকে অশোক পণ্ডিত দাবি করেছেন যে, একে ‘নিষেধাজ্ঞা’ হিসেবে দেখা ভুল। তাঁর মতে, তারা কাউকে নিষিদ্ধ করেননি, বরং কেবল ‘অসহযোগিতার নোটিশ’ জারি করেছেন। অন্যদিকে, এই বিতর্কে রণবীরের পাশে দাঁড়িয়েছে ‘সিন্টা’ (CINTAA)। সংগঠনের সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরে স্পষ্ট জানিয়েছেন, রণবীর তাদের গর্বিত সদস্য এবং প্রয়োজনে সংস্থা সর্বদা তাঁর পাশে আছে। যদিও পুনম ধিলন আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, সংশ্লিষ্ট কোনো পক্ষই তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি বলে তারা পূর্ণাঙ্গ তথ্য জানেন না।
ঘটনার সূত্রপাত গত ২০২৫ সালের ডিসেম্বরে, যখন ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ান রণবীর সিং। প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ প্রি-প্রোডাকশনের ক্ষতিপূরণ হিসেবে ৪৫ কোটি টাকা দাবি করেছে অভিনেতার কাছে। সেই দাবি পূরণ না হওয়া এবং আলোচনার জন্য বারবার ডাকা সত্ত্বেও অভিনেতার অনুপস্থিতি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ইন্ডাস্ট্রি।





