১৯ বছরের প্রতীক্ষার অবসান! ফের পর্দায় ফিরছেন শিবম, দেখুন ‘আওয়ারাঁপন ২’-এর টিজার

বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমির কাল্ট ক্লাসিক সিনেমা ‘আওয়ারাঁপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাঁপন ২’-এর প্রথম অফিসিয়াল টিজার মুক্তি পেতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ২০০৭ সালের সেই ব্লকবাস্টার সিনেমার ১৯ বছর পর শিবম চরিত্রে ইমরান হাশমির প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।

টিজারের শুরুতেই দেখা যায় পাহাড়ি পথে বাইক চালাচ্ছেন শিবম, আর সিনেমার শেষে তিনি তার প্রাক্তন প্রেমিকা আলিয়ার কবরে গোলাপ অর্পণ করছেন। তবে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো বৌদ্ধ লামাদের মাঝে ইমরান হাশমির আহত অবস্থায় চিকিৎসা নেওয়া এবং রিংয়ের ভেতর তার দুর্ধর্ষ অ্যাকশন। টিজারে দিশা পাটানি এবং বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির এন্ট্রি দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মোহিত সুরির প্রথম পর্বের পর এবার নিতিন কক্করের পরিচালনায় মুকেশ ভাট ও বিশেষ ভাটের প্রযোজনায় তৈরি এই ছবিটিতে গ্ল্যামার ও প্রতিশোধের গল্পের সংমিশ্রণ দেখা যাবে। টিজার প্রকাশের সঙ্গেই নির্মাতারা চূড়ান্ত মুক্তির তারিখও ঘোষণা করেছেন। ২০২৬ সালের ১৪ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। টিজারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং ভক্তরা শিবমের এই নতুন রূপ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।