বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির দুই দিকপাল সনু নিগম ও অরিজিৎ সিংকে বলা হয় ‘দুই মেরু’। অথচ দীর্ঘ ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি সেই দুই মহাতারকা ধরা দিলেন এক ফ্রেমে। খোদ সনু নিগমের বাড়িতে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। সেই মিষ্টি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সনু নিজেই, যা মুহূর্তেই ভাইরাল।
খালি হাতে নয়, প্রিয় সনু দাকে একটি চারাগাছ উপহার দিয়েছেন অরিজিৎ। সেই উপহারটি সোনুর এতটাই মন ছুঁয়েছে যে তিনি সেটিকে নিজের বাড়ির ঠাকুরঘরে স্থান দিয়েছেন। আড্ডার আসরে হাজির ছিলেন শাশ্বত সচদেব ও ম্যাজিকের মতো শিল্পীরাও। সেখানে সোনুর বিখ্যাত ‘শুনা শুনা’ গানটির সুর শিঁষ দিয়ে শোনান শাশ্বত। সনু মজা করে লিখেছেন, সেই মুহূর্তের ভিডিও শেয়ার করবেন কি না, তা ভক্তদের আগ্রহের ওপর নির্ভর করছে।
এই ঐতিহাসিক সাক্ষাতের আবহে অরিজিতের প্লেব্যাক থেকে অবসরের খবরও নতুন করে আলোচনায় এসেছে। যদিও অরিজিৎ জানিয়েছেন, হাতে থাকা কাজ শেষ করতে তাঁর আরও বছরখানেক সময় লাগবে। সোনু ও অরিজিতের এই পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ফ্রেম দেখে আপ্লুত অনুরাগীরা। সোনু তাঁর পোস্টে লিখেছেন, “ও জানে আমি ওকে কতটা ভালোবাসি।” দুই প্রজন্মের দুই সেরার এই বন্ধন যেন ভারতীয় সংগীতের এক অনন্য দলিল হয়ে রইল।





