বিনোদন জগতে এখন ত্রয়ী ধামাকা! একদিকে রণবীর সিংয়ের বক্স অফিস শাসন, অন্যদিকে অক্ষয় কুমারের মহানুভবতা এবং অনিল কাপুরের ওটিটি কামব্যাক। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ চতুর্থ সপ্তাহে পা দিয়েই গড়ে ফেলল ঐতিহাসিক নজির। প্রথম হিন্দি ছবি হিসেবে ভারতের ঘরোয়া বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে রণবীর সিং এখন অনন্য উচ্চতায়। ছবিটির মোট সংগ্রহ এখন ১০৮৩.৬৭ কোটি টাকা, যা টপকে গিয়েছে ‘বাহুবলী ২’ ও ‘জওয়ান’-এর মতো মেগা হিট ছবিকেও। লক্ষ্য এখন অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর রেকর্ড ভাঙা।
এদিকে, মুম্বইয়ের আবাসন বাজারে অক্ষয় কুমারের একটি চুক্তি এখন টক অফ দ্য টাউন। অন্ধেরি ওয়েস্টের নিজের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটটি তিনি লিজ দিয়েছেন দেশের গর্ব, বিশ্বের কনিষ্ঠতম মহিলা বোয়িং ৭৭৭ কম্যান্ডার অ্যানি দিব্যাকে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই চুক্তিতে কোনো সিকিউরিটি ডিপোজিট নেননি খিলাড়ি কুমার, যা আবাসন বিশেষজ্ঞদের রীতিমতো অবাক করেছে।
অন্যদিকে, ছোটপর্দার সেই টানটান উত্তেজনা ফিরছে ডিজিটাল পর্দায়। অনিল কাপুর ঘোষণা করেছেন তাঁর আইকনিক সিরিজ ‘২৪’-এর ওটিটি স্ট্রিমিংয়ের কথা। আগামী ২৪ এপ্রিল থেকে ‘জিয়োহটস্টার’-এ জয় সিং রাঠোর রূপে ধরা দেবেন অনিল। রিয়েল-টাইম থ্রিলার হিসেবে ভারতীয় দর্শকদের কাছে এই সিরিজটি আজও ‘গোল্ড স্ট্যান্ডার্ড’।





