টলিউডের ছোটপর্দায় এবার নতুন চমক। ‘স্টার জলসা’র হাত ধরে বাংলা ধারাবাহিকে ফিরছে এক ভিন্নধর্মী প্রেমের গল্প। ধারাবাহিকের নাম ‘বাবলি সুন্দরী’। সম্প্রতি এই মেগার প্রথম ঝলক বা প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শক মহলে। আর হবে না-ই বা কেন? তথাকথিত সুন্দরী নায়িকাদের ভিড়ে এই ‘বাবলি’ যে একেবারেই আলাদা!
প্রোমোতে দেখা যাচ্ছে, গ্রামের মেলায় এক তরুণী শাড়ি পরে, চুলে বিনুনি বেঁধে এবং মুখে একটি পুতুলের মুখোশ পরে প্রবেশ করছে। নেপথ্যে তাকে ‘বিশ্বসুন্দরী’ বলে পরিচয় করিয়ে দেওয়া হলেও, মুখোশ খুলতেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। মোটা ফ্রেমের চশমা আর খরগোশের মতো উঁচু সামনের দাঁত—এমন এক লুকে ধরা দিয়েছেন নবাগতা অভিনেত্রী স্নেহা গুড়িয়া। নিজের এই ‘ভয়াবহ’ লুক নিয়ে নিজেই কৌতুক করেন বাবলি। মূলত সে একজন কৌতুক শিল্পী বা কমেডিয়ান। নিজের খুঁতকে পুঁজি করেই সে মানুষকে হাসাতে ভালোবাসে। আর এখানেই বাবলি বাকি সব নায়িকাদের থেকে স্বতন্ত্র।
এই ধারাবাহিকের হাত ধরে আবারও পর্দায় কামব্যাক করছেন দর্শকদের প্রিয় অভিনেতা হানি বাফনা। তবে এবার তিনি আসছেন সম্পূর্ণ নতুন এক ইমেজে। ‘বাবলি সুন্দরী’তে হানিকে দেখা যাবে একজন ‘সিঙ্গল ফাদার’ হিসেবে। প্রোমোতে তাঁর চরিত্রটি স্পষ্ট না হলেও জানা গেছে, হানি বাফনার বিপরীতে তাঁর প্রথম স্ত্রী হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা দেবনাথ। এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করবে মিষ্টি শ্রীনিকা ঘোষাল। বাবলি সুন্দরী ও হানির জীবন কীভাবে এক বিন্দুতে এসে মিলবে, সেটাই এখন দেখার বিষয়।
গল্পে যেমন থাকবে হাসি-মজা, তেমনই থাকবে টানটান উত্তেজনা। এই ধারাবাহিকে মুখ্য খলনায়িকার চরিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা ব্যানার্জি। এর আগে ‘কথা’ ধারাবাহিকে ‘অর্ণা’র চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এবার তিনি বাবলির জীবনে ঠিক কতটা ঝড় তোলেন, তা নিয়েই থাকছে বিশেষ কৌতূহল।
ডান্স বাংলা ডান্সের প্রাক্তন প্রতিযোগী স্নেহা গুড়িয়া এর আগে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও প্রধান চরিত্রে এটিই তাঁর প্রথম কাজ। প্রোমো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে স্লট নিয়ে জল্পনা। এখন প্রশ্ন হল, ‘বাবলি সুন্দরী’র জন্য কোন পুরোনো মেগার কপাল পুড়বে? কবে থেকে কোন সময়ে দেখা যাবে এই ধারাবাহিক, তা জানতে এখন মুখিয়ে আছেন দর্শকরা।





